নিজস্ব প্রতিবেদক :
দেশে ভোটার তালিকায় নতুন করে যুক্ত হয়েছেন ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন নাগরিক। নতুন এই ভোটারদের নিয়ে বর্তমানে দেশে মোট ভোটারের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জনে।
বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন। সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন। এদের মধ্যে পুরুষ ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন ও নারী ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন। ভোটার বৃদ্ধির হার শূন্য দশমিক ৫ শতাংশ।
সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে হালনাগাদে নভেম্বর পর্যন্ত যাঁরা ভোটারযোগ্য ছিলেন, তাঁদেরও অন্তর্ভুক্ত করা হয়। ভোটের পরেও হালনাগাদ অব্যাহত থাকে।
৩১ মার্চ পর্যন্ত যাঁরা নিবন্ধন করেছেন, তাঁদের নিয়ে চূড়ান্ত তালিকা ১৪ মে প্রকাশের ঘোষণা দেয় নির্বাচন কমিশন। এ ক্ষেত্রে ২০২৫ সালের ২৪ নভেম্বরের পরে যাঁরা ভোটার হওয়ার আবেদন করেছেন এবং যাঁদের জন্ম ২০০৮ সালের ১ জানুয়ারি বা তার আগে, তাঁরাই তালিকায় যুক্ত হন।
ইসির সিদ্ধান্ত অনুযায়ী, খসড়া তালিকা প্রকাশ করা হয় ২০ এপ্রিল। ভুল সংশোধন বা স্থানান্তরের আবেদন চলে ৩ মে পর্যন্ত। আবেদন নিষ্পত্তির সময় শেষ হয় ৬ মে।
নিজস্ব প্রতিবেদক 



















