নিজস্ব প্রতিবেদক :
২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্যসেবা খাতে সাধারণ মানুষের জন্য স্বস্তির বার্তা এসেছে। হার্টের রিং (স্টেন্ট), চোখের ইন্ট্রাওকুলার লেন্স এবং কিডনি রোগীদের ডায়ালাইসিস চিকিৎসার খরচ কমাতে বেশ কয়েকটি কর ও ভ্যাট ছাড়ের প্রস্তাব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তাঁর প্রথম বাজেট বক্তৃতায় এসব প্রস্তাব তুলে ধরেন। এটি দেশের ইতিহাসের ৫৫তম এবং বর্তমান সরকারের প্রথম বাজেট।
প্রস্তাবিত বাজেটে জনসাধারণের চিকিৎসা ব্যয় কমানোর লক্ষ্যে আমদানি করা হার্টের রিং (স্টেন্ট) ও চোখের ইন্ট্রাওকুলার লেন্স সরবরাহের ক্ষেত্রে যোগানদার পর্যায়ের ১০ শতাংশ ভ্যাট সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, এর ফলে প্রতিটি হার্টের স্টেন্টের দাম প্রায় ২০ হাজার টাকা পর্যন্ত কমতে পারে। একই সঙ্গে প্রতিটি ইন্ট্রাওকুলার লেন্সের মূল্য প্রায় ৫ হাজার টাকা পর্যন্ত হ্রাস পাওয়ার সম্ভাবনা রয়েছে।
এ ছাড়া কিডনি রোগীদের চিকিৎসায় ব্যবহৃত ইBlood Tubing Set for Hemodialysis-এর আমদানিতে আরোপিত ৭ দশমিক ৫ শতাংশ আগাম কর (এটি) সম্পূর্ণ অব্যাহতির প্রস্তাব করা হয়েছে। ফলে ডায়ালাইসিসের খরচও উল্লেখযোগ্য হারে কমবে বলে আশা করছে সরকার।
এবারের প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয়েছে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাজেটে বিনিয়োগ ও কর্মসংস্থান বৃদ্ধি, ব্যবসা-বাণিজ্যে নিয়ন্ত্রণ শিথিলকরণ এবং মানবসম্পদ উন্নয়নের মাধ্যমে বাংলাদেশকে ‘ট্রিলিয়ন ডলার অর্থনীতি’র পথে এগিয়ে নেওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে বিজয়ের পর বিএনপি নেতৃত্বাধীন সরকারের এটি প্রথম বাজেট। আগামী ১৬ জুন থেকে প্রস্তাবিত বাজেটের ওপর সংসদে আলোচনা শুরু হবে। ৩০ জুনের মধ্যে বাজেট পাস হওয়ার কথা রয়েছে।
নিজস্ব প্রতিবেদক 


















