নিজস্ব প্রতিবেদক :
দীর্ঘ এক বছরের বেশি সময় বন্ধ থাকার পর আজ থেকে আবারও চালু হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ঢাকা-নারিতা (জাপান) সরাসরি ফ্লাইট।
রোববার (২৬ জুলাই) রাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এই রুটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম।
বিমান বিমানবন্দরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী বলেন, এই সরাসরি ফ্লাইট চালু হওয়ায় জাপানে বসবাসরত প্রায় আড়াই লাখ বাংলাদেশি প্রবাসীরা সরাসরি উপকৃত হবেন। পাশাপাশি এর মাধ্যমে দুদেশের সম্পর্কের পরিধি আরও বিস্তৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন। পূর্বে অলাভজনক বিবেচনায় এই রুটে বিমান তাদের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছিল। বর্তমানে নতুন করে যাত্রার শুরুতে ঢাকা-নারিতা রুটে প্রাথমিকভাবে সপ্তাহে একটি করে ফ্লাইট পরিচালনা করা হবে।
জাপান বাংলাদেশের পুরোনো ও বিশ্বস্ত বন্ধু: পর্যটনমন্ত্রী
আফরোজা খানম বলেন, ‘এই বিমান সেবা কেবল একটি সাধারণ পরিবহন সেবা নয়, এর মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যকার অর্থনৈতিক সচলতা বাড়বে এবং অংশীদারত্ব আরও শক্তিশালী হবে। প্রধানমন্ত্রী প্রবাসীদের যথাযথ সেবা দেওয়ার যে লক্ষ্য নিয়ে আমাকে দায়িত্ব দিয়েছেন, তা পালনে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এখন থেকে এই রুটে ফ্লাইট আর বন্ধ হবে না।’
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাত জানান, উড্ডয়ন সক্ষমতা বৃদ্ধির পরিকল্পনা নিয়ে কাজ করছে সরকার।
তিনি বলেন, ‘আমরা আপাতত একটি রুট দিয়ে নারিতায় ফ্লাইট চালু করেছি, কারণ আমাদের উড্ডয়ন সক্ষমতার ঘাটতি রয়েছে। আমাদের মূল লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে বহরে মোট ৫০টি উড়োজাহাজ যুক্ত করা। এই পরিকল্পনা বাস্তবায়নের অংশ হিসেবেই আপাতত ১০টি নতুন উড়োজাহাজ লিজ নেওয়া হচ্ছে।’
এম রাশিদুজ্জামান মিল্লাত বলেন, জাপানপ্রবাসী প্রায় ৪৫ হাজার বাংলাদেশি ছাত্র, শ্রমিক ও অভিবাসীদের কথা বিবেচনায় রেখে আমরা ফ্লাইটটি চালু করেছি। ফ্লাইটটি যাতে আর কখনোই বন্ধ না হয় সেজন্য ভবিষ্যতের চাহিদা বিবেচনায় শুধু বোয়িং নয়, এয়ারবাসের উড়োজাহাজও বহরে যুক্ত করা হবে।
প্রতিমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের অবদানের কথা স্মরণ করে বলেন, ১৯৮০ সালে উড়োজাহাজ স্বল্পতা থাকা সত্ত্বেও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান জাপান বাংলাদেশ সম্পর্ক সুদৃঢ় করার জন্য ঢাকা – নারিতা ফ্লাইট চালু করেছিলেন। আজ আমরা মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশে ফ্লাইটটি যাত্রী সাধারণের জন্য পুনরায় চালু করলাম।
এরপর মন্ত্রী প্রতিমন্ত্রী জাপানগামী যাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং ফিতা কেটে ফ্লাইটের শুভ উদ্বোধন করেন।
উল্লেখ্য, অন্তর্বর্তী সরকারের সময়ে ২০২৫ সালের ১ জুলাই ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট বন্ধ করা হয়েছিল। প্রায় এক বছর পর আবারও চালু হলো এই রুট। আজ ২৭ জুলাই রাত ২ টা ২৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি৩৭৬ ফ্লাইটটি জাপানের উদ্দেশে ছেড়ে যায়।
নিজস্ব প্রতিবেদক 




















