আন্তর্জাতিক ডেস্ক :
দীর্ঘ উত্তেজনার পর নিজেদের আকাশসীমা আংশিকভাবে খুলে দিয়েছে ইরান। শনিবার দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আন্তর্জাতিক ফ্লাইটের জন্য আকাশপথের নির্দিষ্ট কিছু অংশ পুনরায় চালু করার ঘোষণা দেয়। বিশেষ করে দেশটির পূর্বাঞ্চল দিয়ে আন্তর্জাতিক ফ্লাইট চলাচলের অনুমতি দেওয়া হয়েছে।
এক বিবৃতিতে কর্তৃপক্ষ জানায়, শনিবার (১৮ এপ্রিল) সকাল ৭টা থেকে বেশ কিছু বিমানবন্দরও কার্যক্রম শুরু করেছে। তবে আকাশসীমা খুলে দেওয়া হলেও আন্তর্জাতিক রুটের বিমানগুলোর মধ্যে এখনো ইরানি আকাশপথ ব্যবহারে সতর্কতা লক্ষ করা যাচ্ছে।
ফ্লাইট ট্র্যাকার ওয়েবসাইটগুলোর তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে, ঘোষণা আসার তিন ঘণ্টা পরও কোনো আন্তর্জাতিক ফ্লাইট ইরানের আকাশপথ অতিক্রম করেনি। অধিকাংশ এয়ারলাইনস এখনো ঝুঁকি এড়াতে দীর্ঘ পথ ঘুরে বিকল্প রুট ব্যবহার করে গন্তব্যে পৌঁছাচ্ছে।
উল্লেখ্য, সাম্প্রতিক আঞ্চলিক পরিস্থিতির প্রেক্ষিতে নিরাপত্তা নিশ্চিত করতে ইরান তাদের আকাশসীমায় বিমান চলাচলে বিধিনিষেধ আরোপ করেছিল। পরিস্থিতির উন্নতি সাপেক্ষে পর্যায়ক্রমে অন্য বিমানবন্দরগুলোও খুলে দেওয়া হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ডেস্ক 

























