নিজস্ব প্রতিবেদক :
গণফোরামের ইমেরিটাস সভাপতি ড. কামাল হোসেন বলেন, সব রাজনৈতিক দলের অংশগ্রহণে জাতীয় সংলাপের মধ্য দিয়ে অংশগ্রহণমূলক নির্বাচনে যেতে চাই। এ ছাড়া বর্তমান সংকটময় মুহূর্তে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে নির্বাচন আয়োজনের পরামর্শও দেন।
মঙ্গলবার (১৫ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে গণফোরামের বিশেষ জাতীয় কাউন্সিল পরবর্তী পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা ও বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
ড. কামাল বলেন, আমি জাতীয় সংলাপের মধ্যদিয়ে অংশগ্রহণমূলক নির্বাচন চাই। সেটি হলে আমরা বিবেচনা করে সিদ্ধান্ত নেবো। আমরা চাচ্ছি দেশের জাতীয় ঐক্যকে আরও সুসংহত করা, সবার সঙ্গে আলোচনা করে একটা ঐকমত্যে আসা এবং তারপর সবাইকে নিয়ে নির্বাচনে যাওয়ার কথা চিন্তা করা। এ চেষ্টা আমরা করে যাবো।
দেশের অবস্থা ভয়াবহ উল্লেখ করে তিনি আরও বলেন, জনগণ ঐক্যবদ্ধ হলে এ অবস্থা থেকে দেশকে রক্ষা করা সম্ভব। ঐক্যের গুরুত্ব আমরা সব সময়ই দিয়ে থাকি। নীতি, আদর্শকে কেন্দ্র করে ঐক্য। সেই ঐক্যের ভিত্তিতে জনগণকে সঙ্গে নিয়ে দেশকে বাঁচাতে যা করা দরকার আমরা তা করে যাবো।
বিদেশি হস্তক্ষেপে দেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তন হবে কি না জানতে চাইলে তিনি বলেন, আমাদেরই চেষ্টা করে যেতে হবে। দেশের এ পরিস্থিতিতে আমাদের মধ্য থেকেই এটি পরিবর্তনের চেষ্টা করে যেতে হবে।
নির্বাচনী জোট গঠনের বিষয়ে এক প্রশ্নের জবাবে ড.কামাল বলেন, জোট গঠনে এখনো দলীয়ভাবে কোনো সিদ্ধান্ত হয়নি। তবে দলের ভেতরে ও বাইরে আলোচনা চলছে।
সংবাদ সম্মেলনে মফিজুল ইসলাম খান কামালকে সভাপতি এবং ডা. মো. মিজানুর রহমানকে সাধারণ সম্পাদক করে ১০১ সদস্যের কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ড. কামাল হোসেনকে ইমেরিটাস সভাপতি হিসেবে রাখা হয়েছে। সম্মেলনে দলের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
নিজস্ব প্রতিবেদক 
























