মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি :
মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় যাত্রীবাহী বাস ও প্রাইভেটকারের সংঘর্ষে প্রাইভেটকারের চালকসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় একজন গুরুতর আহত হয়েছেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকাল পৌনে ৩টার দিকে উপজেলার তেতৈতলা হাঁস পয়েন্ট এলাকায় মহাসড়কের কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—মজিবুর রহমান (৫৫), মোছা. শামীমা আক্তার (৪৫), সাবিহা চৌধুরী (৪৩) এবং প্রাইভেটকারের চালক সোহেল। চালক সোহেল ঢাকার গেন্ডারিয়া এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম বলেন, দুপুর ২টা ৩৮ মিনিটে গজারিয়া ফায়ার স্টেশনে দুর্ঘটনার খবর আসে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি উদ্ধারকারী ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে।
তিনি বলেন, দুর্ঘটনায় প্রাইভেটকারের চালক ঘটনাস্থলেই নিহত হন। তাকে উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
পরে প্রাইভেটকারে থাকা আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক আরও তিনজনকে মৃত ঘোষণা করেন। অপর একজন আহতকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
দুর্ঘটনার বিষয়ে বাসের যাত্রী মরিয়ম বেগম অভিযোগ করে বলেন, বাসটির চালক সম্ভবত নতুন ছিলেন। তার গাড়ি চালানোর দক্ষতা নিয়ে বাসের যাত্রীদের মধ্যে অসন্তোষ ছিল।
ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, নিউ বলেশ্বর নামের যাত্রীবাহী বাসটি চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অন্যদিকে প্রাইভেটকারটি মায়ামি রেস্টুরেন্ট থেকে খাওয়া-দাওয়া শেষে ঢাকার দিকে যাচ্ছিল। জামালদি বাসস্ট্যান্ড এলাকায় দুই গাড়ির সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনার সময় প্রাইভেটকারটিতে চালকসহ মোট পাঁচজন ছিলেন। দুর্ঘটনার পর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।
ভবেরচর হাইওয়ে থানার ওসি মনিরুজ্জামান বলেন, বাসটি ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাচ্ছিল। অপরদিকে প্রাইভেটকারটি একটি হোটেল থেকে রং সাইড দিয়ে বের হয়ে ইউটার্ন নিয়ে ঢাকার দিকে যাওয়ার চেষ্টা করার সময় বাসটির সঙ্গে সংঘর্ষ হয়। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার সঠিক কারণ এবং হতাহতদের পূর্ণ পরিচয় নিশ্চিত করতে তদন্ত চলছে। দুর্ঘটনাকবলিত যান দুটি সরিয়ে নেওয়ার পর প্রায় এক ঘণ্টা পর কুমিল্লামুখী লেনে যান চলাচল স্বাভাবিক হয়।
মুন্সীগঞ্জ জেলা প্রতিনিধি 






















