নিজস্ব প্রতিবেদক :
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
শনিবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে জাতীয়তাবাদী মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালির আগে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, নারীর ক্ষমতায়ন ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ কাজে মহিলা দলের নেতাকর্মীদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
রুহুল কবীর রিজভী বলেন, সমাজ থেকে ধর্ষণ, নারী নির্যাতনসহ সব ধরনের অপরাধ মুছে দেবে বিএনপি।
তিনি বলেন, আজকে বিএনপি ক্ষমতায়, আমাদের প্রত্যেকেই সরকারের অংশ। শুধু পদ-পদবি থাকলেই সরকারের অংশ হতে হবে, তা নয়।
রিজভী বলেন, জাতীয়তাবাদী মহিলা দলের নেতারা অযোগ্য নন। রাষ্ট্র পরিচালনায় তারাও সমানভাবে দক্ষ।
সমাজ থেকে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন নির্মূলে জাতীয়তাবাদী মহিলা দল কাজ করবে বলে প্রত্যয় ব্যক্ত করে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, নারীদের অধিকার নিশ্চিত করতে হলে তাদের শিক্ষার আলোয় আলোকিত ও আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। জাতীয়তাবাদী মহিলা দল অনেক ত্যাগ ও সংগ্রামের মধ্য দিয়ে গড়ে উঠেছে।
এ সময় সরকারের বিভিন্ন কর্মসূচির বিষয়ে জনগণকে জানাতে নেতাকর্মীদের আহ্বান জানান বিএনপির এই নেতা। তিনি বলেন, নারীদের জন্য ফ্যামিলি কার্ড একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ, যা নারী ক্ষমতায়নে যুগান্তকারী পদক্ষেপ।
রিজভী আরও বলেন, নারীর সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
তিনি বলেন, সবাই এমপি বা মন্ত্রী হবেন না, তবে আপনাদের প্রতিনিধিরাই এমপি-মন্ত্রী হচ্ছেন। তাই আপনারাই নেতৃত্বের অংশ।
এ ছাড়া অতীতে মহিলা দল যেভাবে হাসিনার হৃদকম্পন তৈরি করেছে, তেমনিভাবে তারেক রহমানের জনবান্ধব ও নারীবান্ধব কর্মসূচি বাস্তবায়নে চেষ্টা করার আহ্বান জানান রুহুল কবির রিজভী।
মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের নেত্রীদের অতীতের রাজনৈতিক নির্যাতনের প্রসঙ্গ তুলে ধরে রিজভী বলেন, আপনাদের কি মনে নেই আফরোজা আব্বাস, সুলতানা আহমেদ এবং এখানকার অনেক নেত্রী কতবার কারাগারে গেছেন? কতবার তাদের নিয়ে যাওয়া হয়েছে, কতবার অত্যাচারিত হয়েছেন, কত নির্বিঘ্নে গ্রেফতার করা হয়েছে? কীভাবে তাদের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হতো, সেখান থেকে আদালতে তোলা হতো, পরে কারাগারে আটকে রাখা হতো— এগুলো নিশ্চয়ই আপনাদের মনে আছে।
তিনি বলেন, আজ বিএনপির নেতৃত্বাধীন সরকারে মহিলা দলের নেতাকর্মীদেরও অংশ রয়েছে। তাদের প্রতিনিধিরা সংসদ সদস্য হয়েছেন, মন্ত্রী হয়েছেন‘—এটিকে দলের নেতাকর্মীদের গৌরব হিসেবে উল্লেখ করেন তিনি।
মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত র্যালিতে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী
রিজভী বলেন, সরকারের বিভিন্ন কর্মসূচি সম্পর্কে মহিলা দলের নেতাকর্মীদের জানতে হবে এবং সেগুলো জনগণের কাছে তুলে ধরতে হবে। বিশেষ করে নারীর ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তা ও আর্থিকভাবে স্বাবলম্বী করার উদ্যোগগুলো জনগণকে বোঝানোর ওপর গুরুত্ব দেন তিনি।
‘ফ্যামিলি কার্ড’ প্রসঙ্গে তিনি বলেন, অসহায় ও দুস্থ পরিবারের নারীদের এই কার্ড দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।’ এর মাধ্যমে নারীর ক্ষমতায়নের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।
রিজভী আরও বলেন, ‘নারীর ক্ষমতায়নের জন্য নারীদের শিক্ষার আলোয় আলোকিত হতে হবে এবং আর্থিকভাবে স্বাবলম্বী হতে হবে। এ দুটি ক্ষেত্রে সরকার বিভিন্ন উদ্যোগ নিয়েছে।’
অতীতে রাজপথের আন্দোলনের কথা স্মরণ করে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের সময় পুলিশের বেষ্টনী, মামলা, রিমান্ড ও গ্রেপ্তারের মধ্যেও মহিলা দলের নেতাকর্মীরা রাজপথে আন্দোলন করেছেন। এখন তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গণবান্ধব ও নারীর ক্ষমতায়নমূলক কর্মসূচি বাস্তবায়নে তাদের ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, আপনারা দল করেন; তাই এখন আপনাদের দেখতে হবে—আমাদের দলের সরকার, বিএনপির সরকার বা বিএনপির জোট সরকার কীভাবে দেশের মানুষের আর্থিক উন্নয়ন এবং নারীদের ক্ষমতায়নের জন্য কাজ করেছে। এই কর্মসূচিগুলো ভালোভাবে জেনে ও উপলব্ধি করে জনগণের কাছে তুলে ধরতে হবে।
পরে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর বর্ণাঢ্য র্যালির উদ্বোধন ঘোষণা করেন রিজভী। এ সময় মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস, সাধারণ সম্পাদক সুলতানা আহমেদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 
























