ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি :
আওয়ামী লীগ আমলে বিএনপি নেতা তারেক রহমানের বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞার প্রসঙ্গ টেনে এখন বিএনপি আমলে শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা।
তিনি বলেছেন, অমরা শেখ হাসিনার আমলে দেখেছি তারেক রহমানের বক্তব্য প্রচার নিষিদ্ধ ছিল। কোর্টের আদেশ দিয়ে নিষিদ্ধ ছিল। সেটা যদি গণতন্ত্র না হয়, তাহলে এটাই বা কী করে গণতন্ত্র হয়?
বুধবার (৫ আগস্ট) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা পরিষদ মিলনায়তনে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। সরাইল উপজেলা প্রশাসন এ সংবর্ধনা ও আলোচনা সভার আয়োজন করে।
শেখ হাসিনার বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা প্রসঙ্গে সাবেক বিএনপি নেতা রুমিন ফারহানা বলেন, গণমাধ্যম কেবল ২৬টি চ্যানেল নয়। আজকাল প্রত্যেকের হাতেই গণমাধ্যম আছে। যে যে শুনতে চায়, তারা শুনতে পারবে। এভাবে তো আসলে কারও বক্তব্য প্রচার বন্ধ রাখা যায় না।
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরবেন কি না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে এই স্বতন্ত্র সংসদ সদস্য বলেন, ওনি (শেখ হাসিনা) বাংলাদেশের নাগরিক। ওনার পরিবার এবং বাংলাদেশের রাজনীতিতে ওনার দীর্ঘদিনের অবদান আছে। ওনার পরিবারকে সপরিবারে হত্যা করা হয়েছে। দেশের স্বাধীনতা-সংগ্রামে তখন আওয়ামী লীগ ছিল একমাত্র দল। সবকিছু বিবেচনায় ওনার বয়সও হয়েছে, বাংলাদেশে যদি ফিরে না আসেন, ওনার দলের অবস্থা কী দাঁড়াবে বা ওনার এতোদিনের যে রাজনৈতিক ইতিহাস- সেটারই বা কী দাঁড়াবে; সবকিছু বিবেচনায় আমার কমনসেন্স বলে ওনি ফিরে আসবে।
দেশের বিভিন্ন স্থানে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষের ঘটনা কী ঈঙ্গিত করে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রুমিন ফারহানা বলেন, দেশের আইনশৃঙ্খলার যে নাজুক পরিস্থিতি, সেটাই ইঙ্গিত করে। দলগুলোর যে তাদের ছাত্রসংগঠনের ওপর কোনোরকম নিয়ন্ত্রণ নেই এবং দিনশেষে আবারও যে আমরা পুরনো রাজনীতিতেই ফিরে যাচ্ছি, সেটিই ইঙ্গিত করে।
এদিকে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় সরাইল উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করেছে স্থানীয় বিএনপি। এ নিয়ে তিনি বলেন, বিএনপিকে তো মানতে হবে মানুষ আমাকে ভোট দিয়ে এমপি বানিয়েছে। এই কঠিন সত্যটা বিএনপিকে মেনে নিতে হবে।
সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ মিলনায়তনের আলোচনা সভায় বক্তব্য রাখেন সরাইল উপজেলা জামায়াতে ইসলামীর আমির এনাম খাঁ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোহাম্মদ নিজাম উদ্দিন, সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনজুর কাদের ভূঁইয়া প্রমুখ। অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের পরিবারকে সংবর্ধনা জানানো হয়।
এদিকে রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় উপজেলা প্রশাসনের অনুষ্ঠান বয়কট করে স্থানীয় বিএনপি। রুমিন ফারহানা সরাইলের পর আশুগঞ্জের অনুষ্ঠানেও যোগ দেন। সেখানে জুলাই আন্দোলনসহ নানা বিষয় নিয়ে তিনি আলোচনা করেন।
ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি 






















