চট্টগ্রাম জেলা প্রতিনিধি :
চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বাসের (আন্ডারওয়্যার) ভেতরে বিশেষ কৌশলে লুকিয়ে আনা প্রায় ৩ কোটি টাকা মূল্যের দেড় কেজি সোনা জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। এ ঘটনায় দুবাইফেরত এক যাত্রীকে আটক করা হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুবাই থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আসা ওই যাত্রীর দেহ তল্লাশি করে এসব সোনা উদ্ধার করা হয়।
কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা যায়, দুবাই থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৪৮ ফ্লাইটের যাত্রী কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার বাসিন্দা মোহাম্মদ তুসারকে (৩৩) গোপন সংবাদের ভিত্তিতে নজরদারিতে রাখা হয়। পরবর্তীতে কাস্টমস হলে তার দেহ তল্লাশি করা হলে অন্তর্বাসের ভেতর পেস্ট আকারে লুকানো সোনা পাওয়া যায়।
উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে ২৪ ক্যারেটের প্রায় ১ হাজার ৪০০ গ্রাম (প্যাকিংসহ) ওজনের সোনার পেস্ট, ৫টি সোনার চুড়িসহ প্রায় ১০০ গ্রাম ওজনের স্বর্ণালংকার। উদ্ধারকৃত এসব সোনার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩ কোটি টাকা।
অভিযানের সময় উক্ত যাত্রীর ব্যবহৃত পাসপোর্ট, বোর্ডিং পাস ও একটি রেডমি মোবাইল ফোনও আলামত হিসেবে জব্দ করা হয়।
প্রাথমিক তদন্তে জানা গেছে, বিমানবন্দরের মেটাল ডিটেক্টর ও নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিতেই সোনাকে বিশেষ কেমিক্যালের সাহায্যে পেস্টে রূপান্তর করে অন্তর্বাসের ভেতর লুকিয়ে রাখা হয়েছিল। তবে কাস্টমস গোয়েন্দা, ডিজিএফআই, এনএসআই ও কাস্টমস হাউসের সমন্বিত যৌথ অভিযানে চোরাচালানের এই অভিনব কৌশল ব্যর্থ হয়।
আটককৃত যাত্রীর বিরুদ্ধে কাস্টমস আইন, বিশেষ ক্ষমতা আইন, বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট অন্যান্য আইনে মামলা দায়ের ও আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে। একই সঙ্গে চোরাচালান রোধে বিমানবন্দর এলাকায় গোয়েন্দা নজরদারি আরো জোরদার করা হয়েছে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা অধিদপ্তর।
চট্টগ্রাম জেলা প্রতিনিধি 























