ময়মনসিংহ জেলা প্রতিনিধি :
ময়মনসিংহের ভালুকায় এক্সিল্যান্ড সিরামিকস গ্রুপের নির্মাণাধীন ইটিপি (ইফ্লুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্ট) ট্যাংকে কাজ করতে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৮ জুলাই) সকাল ১০টার দিকে উপজেলার সিডস্টোর এলাকায় অবস্থিত এক্সিলেন্ট সিরামিকস কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- খুলনা জেলার শফিকুল ইসলাম (৩০) এবং নেত্রকোনা জেলার রুমেল (২৫)। তাঁরা দুজনই দৈনিক চুক্তিভিত্তিক শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
ভালুকা শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজী জানান, ট্যাংক পরিষ্কারের সময় প্রথমে শফিকুল ইসলাম ভেতরে নামেন। কিছুক্ষণ পর তাঁর কোনো সাড়া না পেয়ে তাঁকে উদ্ধারের জন্য রুমেল ট্যাংকে নামেন। পরে দুজনই ট্যাংকের ভেতরে অচেতন হয়ে পড়েন।
বিষয়টি টের পেয়ে সহকর্মীরা তাঁদের উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হওয়ায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিদর্শক (এসআই) মো. সুজাউদ্দিন দুই শ্রমিকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ভালুকার এক্সিলেন্ট সিরামিকস কারখানার পানি পরিশোধনাগারের ট্যাংক পরিষ্কার করতে নেমে অসুস্থ হয়ে পড়া দুই শ্রমিককে হাসপাতালে আনা হলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শিল্প পুলিশের পরিদর্শক ইমারত গাজী আরও জানান, নিহতরা কারখানার স্থায়ী শ্রমিক ছিলেন না; তাঁরা দৈনিক চুক্তিভিত্তিক কাজ করছিলেন। বর্তমানে কারখানার পরিস্থিতি শান্ত রয়েছে। নিহতদের স্বজনদের খবর দেওয়া হয়েছে। তাঁদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ময়মনসিংহ জেলা প্রতিনিধি 





















