নিজস্ব প্রতিবেদক :
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানির চামড়া নষ্ট না হওয়া থেকে বাঁচাতে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে সরকার। এরই অংশ হিসেবে বাণিজ্য মন্ত্রণালয়ে চালু হয়েছে কন্ট্রোল রুম।
রোববার (২৪ মে) উপসচিব নাসরিন সুলতানার সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা-২০২৬ উপলক্ষ্যে কাঁচা চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনাসহ সংশ্লিষ্ট বিষয়ে পর্যালোচনার লক্ষ্যে বিগত ১২ এপ্রিল ২০২৬ তারিখে একটি আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় কোরবানি পশুর চামড়া যথাযথ পদ্ধতিতে ছাড়ানো, কাঁচা চামড়ায় পর্যাপ্ত পরিমাণে লবণ মেশানো এবং প্রাপ্ত কাঁচা চামড়ার সুষ্ঠু ব্যবস্থাপনা সম্পর্কিত একটি টেক্সট মেসেজ দেশের সব টিভি চ্যানেলে প্রচারের সিদ্ধান্ত গৃহীত হয়।
কোরবানির চামড়া সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিতকরণে বাণিজ্য মন্ত্রণালয়ে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে বলেও উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে।
সম্প্রতি বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির জানিয়েছেন, পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় ও পরিবহন ব্যবস্থাপনা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সরকার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছে।
মন্ত্রী বলেন, কোরবানির একটি চামড়াও যেন নষ্ট না হয়; এ বিষয়ে প্রধানমন্ত্রী গুরুত্বারোপ করেছেন। আমরা এটিকে একটি জাতীয় দায়িত্ব ও চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি। কোরবানির চামড়া একটি গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ। যথাযথভাবে সংরক্ষণ করা গেলে দেশের চামড়া শিল্প, রফতানি আয় এবং এতিমখানা, মাদ্রাসা ও লিল্লাহ বোর্ডিংগুলোর আর্থিক সক্ষমতা বাড়বে। কিন্তু সামান্য অসচেতনতার কারণে প্রতিবছর বিপুল পরিমাণ চামড়া নষ্ট হয়। এ পরিস্থিতি রোধে সরকার এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে।
আগামী ২৮ মে দেশে মুসলমানদের দ্বিতীয় বড় ধর্মীয় উৎসব ঈদুল আজহা বা কোরবানির ঈদ উদযাপিত হবে।
নিজস্ব প্রতিবেদক 




















