নিজস্ব প্রতিবেদক :
সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ছয়জন মারা গেছে। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছে বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি তিনজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। এই সময়ে হামে আক্রান্ত হয়েছে আরও ১ হাজার ৪০৮ শিশু।
বুধবার (২০ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামে আক্রান্ত হয়ে মারা যাওয়া ৬ শিশুর মধ্যে নিশ্চিত হামে ৩ এবং সন্দেহজনক হামে ৩ শিশুর মৃত্যু হয়েছে।
এ ছাড়া, এই সময়ে হামে আক্রান্ত ১ হাজার ৪০৮ শিশুর মধ্যে নিশ্চত হামে ১৩৮ শিশু এবং সন্দেহজনক হামে ১২৭০ শিশু শনাক্ত হয়েছে।
এদিকে, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হাম সন্দেহে শনাক্ত রোগীর সংখ্যা ৫৭ হাজার ৮৫৬ এবং নিশ্চিত শনাক্ত হাম রোগীর সংখ্যা ৭৯২৯ শিশু। আর এ সময়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৪৫ হাজার ১২৮ রোগী। এর মধ্যে ছাড়পত্র পেয়েছে ৪০ হাজার ৯০ রোগী।
এ ছাড়া, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামে মারা গেছে ৪৮১ শিশু। এর মধ্যে সন্দেহজনক হামে ৪০১ জন এবং নিশ্চিত হামে ৮০ জনের মৃত্যু হয়েছে।
দেশে হামে মৃত্যু ও শনাক্তে সবচেয়ে বেশি এগিয়ে আছে ঢাকা বিভাগ। এরপর রয়েছে রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগ।
নিজস্ব প্রতিবেদক 






















