নিজস্ব প্রতিবেদক :
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমদ।
সোমবার (১৮ মে) সকালে তিনি দায়িত্বগ্রহণ করেন। ডিএমপি মিডিয়া সেন্টারের উপ-পুলিশ কমিশনার এনএম নাসির উদ্দীন এ তথ্য জানান।
তিনি জানান, নবনিযুক্ত ডিএমপি কমিশনার মোসলেহ্ উদ্দিন আহমদ সোমবার দায়িত্বভার গ্রহণ করেছেন।
জানা গেছে, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ উদ্দিন আহমদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) নতুন কমিশনার হিসেবে নিয়োগ দেয় সরকার।
রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখার উপসচিব তৌছিফ আহমেদের সই করা এক প্রজ্ঞাপনে এ দায়িত্ব দেওয়া হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।
এর আগে সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসর গ্রহণ করেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। বৃহস্পতিবার (১৪ মে) ছিল তার শেষ কর্মদিবস। ওই দিন দিবাগত রাতে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন।
গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদফতরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন।
গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির সেই সময়ের কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।
নিজস্ব প্রতিবেদক 






















