নিজস্ব প্রতিবেদক :
পবিত্র ঈদুল আজহার সুনির্দিষ্ট তারিখ নির্ধারণ এবং ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখার লক্ষ্যে সোমবার (১৮ মে) জাতীয় চাঁদ দেখা কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (১৭ মে) ইসলামিক ফাউন্ডেশনের জনসংযোগ শাখা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ১৪৪৭ হিজরি সনের পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা এবং পবিত্র ঈদুল আজহার তারিখ নির্ধারণের লক্ষ্যে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা সোমবার (১৮ মে) সন্ধ্যা পৌনে ৭টায় ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত হবে। ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সভায় সভাপতিত্ব করবেন।
বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেলে, তা তাৎক্ষণিকভাবে জাতীয় চাঁদ দেখা কমিটিকে জানানোর জন্য দেশের সকল নাগরিকদের প্রতি বিশেষ অনুরোধ করা হয়েছে। চাঁদ দেখার তথ্য জানানোর জন্য নির্দিষ্ট কিছু টেলিফোন নম্বর দেওয়া হয়েছে, সেগুলো হলো: ০২-৪১০৫৩২৯৪, ০২-২২৬৬৪০৫১০, ০২-২২৩৩৮৩৩৯৭।
এছাড়া, সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক (ডিসি) অথবা উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও (ইউএনও) বিষয়টি অবহিত করার জন্য আহ্বান জানিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
নিজস্ব প্রতিবেদক 




















