গাজীপুর জেলা প্রতিনিধি :
গাজীপুর মহানগরের ধীরাশ্রম এলাকায় রেললাইনে হাঁটতে হাঁটতে মোবাইলে গেমস খেলার সময় ট্রেনে কাটা পড়ে দুই কিশোরের মৃত্যু হয়েছে।
বুধবার (১৩ মে) রাত সাড়ে ৯টার দিকে ঢাকা-জয়দেবপুর রেল সড়কের ধীরাশ্রম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- নোয়াখালীর বেগমগঞ্জ থানার রামমধুপুর এলাকার মো. নোমানের ছেলে নাঈম (১৭) ও নেত্রকোনার বারহাট্টা থানার পুটকিয়া এলাকার আবুল কাশেমের ছেলে আশিকুল (১৭)।
জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ কাইয়ূম আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, বুধবার রাত সাড়ে ৯টার দিকে ধীরাশ্রম এলাকায় দুজন যুবক রেললাইনের পাশে বসে গল্প করছিল। এসময় দেওয়ানগঞ্জ থেকে ঢাকামুখী ছেড়ে আসা তিস্তা এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে। পরে স্থানীয় লোকজনের দেয়া খবরে পুলিশ সদস্যরা গিয়ে লাশ দুটো উদ্ধার করে। রেলওয়ের নিয়ম অনুযায়ী মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এ ব্যাপারে আমাদের পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
গাজীপুর জেলা প্রতিনিধি 




















