কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
জুলাই সনদের আলোকে পথ চলতে চায় বিএনপি বলে মতপ্রকাশ করে আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা তারা পুরোপুরি না বুঝেই দিচ্ছেন। এ বিষয়ে জাতীয় সংসদে জবাব দেওয়া হবে।
সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং এর আলোকেই সামনে এগোতে চায়।’তিনি বলেন, ‘ইমোশন ও আইন দুটো বিষয়কে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।
মো. আসাদুজ্জামান বলেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন, তা তাঁরা না বুঝেই দিচ্ছেন। তাঁরা অর্ধেক বুঝেছেন। আমরা তাঁদের এই বক্তব্যের জবাব জাতীয় সংসদে দেব। তাঁরা যে বক্তব্য দিচ্ছেন তা সঠিক নয়, বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে এবং আমরা জুলাই সনদের আলোকেই পথ হেঁটে যেতে চাই। ইমোশন ও আইনকে একসঙ্গে নিয়েই আমরা চলতে চাই।
৫ আগস্ট পরবর্তী মামলাজট প্রসঙ্গে আইনমন্ত্রী বলেন, আমরা সব পক্ষের সঙ্গে কথা বলে সবার মতামতের ভিত্তিতে এসব মামলার ব্যাপারে সিদ্ধান্ত নেব। অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বিএনপি সরকার দেশের ২০ হাজার কিলোমিটার নদী, খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদ করবে।
এর আগে খাল খনন উপলক্ষ্যে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। জেলা প্রশাসক আহমেদ মাহবুবুল আলমের সভাপতিত্বে সেখানে বক্তব্য দেন কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনের বিএনপির সংসদ সদস্য রেজা আহমেদ বাচ্চু, কুষ্টিয়া–৪ আসনের জামায়াতের সংসদ সদস্য আফজাল হুসাইন, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ সোহরাব উদ্দিন এবং কুষ্টিয়া–৪ আসনের সাবেক সংসদ সদস্য মেহেদী আহমেদ রুমি। সভায় বিএনপির স্থানীয় নেতারাও উপস্থিত ছিলেন।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি 






















