নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর আত্রাইয়ে নিজ বাড়িতে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার পর স্বামী নিজে আত্মহত্যা করেছেন।
বৃহস্পতিবার (৫ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামের নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জয় সরকার (২৭), তার স্ত্রী বৃষ্টি সরকার (২২) ও মেয়ে জিনি সরকার (২)। নিহত জয় সরকার উপজেলার বলরামচক চৌধুরীপাড়া গ্রামে গৌতম সরকারের ছেলে।
স্থানীয়রা বাসিন্দারা জানান, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। স্বামী মাদকাসক্ত ও বেপরোয়া হওয়ার কারণে স্ত্রী বৃষ্টি সরকার অনেকবার সংসার ছেরে চলে যায় এবং ফিরেও আসেন। বৃহস্পতিবার রাতে খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়লে রাতে জয় তার স্ত্রী ও সন্তানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে। পরে নিজেও ছুরি দিয়ে নিজের শরীরেও আঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। এতে ঘটনাস্থলেই স্ত্রী বৃষ্টি সরকার মারা যায়। পরে পরিবারের সদস্য ও স্থানীয়রা গুরুত্বর আহত অবস্থায় জয় সরকার ও তার সন্তানকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজনই মারা যায়।
বিষয়টি নিশ্চিত করে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল করিম বলেন, খবর পেয়ে রাতেই ঘটনাস্থল থেকে স্ত্রী বৃষ্টির মরদেহ উদ্ধার করা হয়। আর গুরুতর অবস্থায় স্বামী ও সন্তানকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ভোরে তারা দুজন মারা যায়।
তিনি আরও বলেন, নিহত জয় সরকার মাদকাসক্ত ছিলেন। তিনি পরিবারের সদস্য ও প্রতিবেশীদের সঙ্গে বেপরোয়া আচরণ করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহ ও মাদকাসক্তির কারণে স্ত্রী-সন্তানকে ছুরিকাঘাতে হত্যার চেষ্টার পর নিজেও ছুরিকাঘাতে আত্মহত্যা করে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
নওগাঁ জেলা প্রতিনিধি 






















