নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্র-ইসরাইলের আগ্রাসনের জবাবে ইরানের প্রতিশোধমূলক হামলায় বন্ধ আছে মধ্যপ্রাচ্যের একাধিক দেশের আকাশ। ওই উত্তেজনার জের বাংলাদেশেও পড়েছে। মঙ্গলবার (৩ মার্চ) দুপুর পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ৩৮টি ফ্লাইট বাতিল হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাতিল হওয়া এসব ফ্লাইটের মধ্যে রয়েছে শারজাহ, রিয়াদ, বাহরাইন, দুবাই ও দোহাগামী ফ্লাইট।
ফ্লাইটের তালিকায় রয়েছে কাতারের ৪টি, এমিরেটসের ৪টি, গালফ এয়ারের (বাহরাইন) ৪টি, ফ্লাই দুবাইয়ের ৪টি, কুয়েত এয়ারের ২টি, জাজিরা এয়ারওয়েজের (কুয়েত) ৪টি, এয়ার অ্যারাবিয়ার ১২টি, ইউএস-বাংলা এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
বর্তমানে কুয়েত, বাহরাইন, কাতার, আবুধাবি, শারজাহ, দুবাই ছাড়া অন্যান্য রুটে ফ্লাইট চলাচল শুরু হয়েছে। ফ্লাইট বাতিল হওয়ার উদ্বেগ-উৎকণ্ঠায় রয়েছে যাত্রীরা।
অন্যদিকে, চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের মঙ্গলবার সকালের ৭টিসহ এখন পর্যন্ত বিমানবন্দরের সর্বমোট ৩৫টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল হয়েছে।
এর আগে ২৮ ফেব্রুয়ারি ২৩টি, ১ মার্চ ৪০টি এবং ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। সব মিলিয়ে ২৮ ফেব্রুয়ারি থেকে ৩ মার্চ পর্যন্ত মোট বাতিল হওয়া ফ্লাইটের সংখ্যা দাঁড়িয়েছে ১৪৭টি।
বিমানবন্দর সূত্র জানিয়েছে, সংশ্লিষ্ট দেশগুলোর আকাশসীমা বন্ধ থাকায় এসব রুটে উড়োজাহাজ পরিচালনা সম্ভব হচ্ছে না। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ফ্লাইট সূচিতে পরিবর্তন আসতে পারে।
যাত্রীদের ভ্রমণের আগে সংশ্লিষ্ট এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করে সর্বশেষ তথ্য জেনে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। আকস্মিক এই বাতিলে প্রবাসী শ্রমিক ও ট্রানজিট যাত্রীদের মধ্যে ভোগান্তি দেখা দিয়েছে। অনেকেই টিকিট পুনর্র্নিধারণ ও ফেরত নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। সংশ্লিষ্ট এয়ারলাইন্সগুলো বিকল্প ব্যবস্থার মাধ্যমে যাত্রীদের সমন্বয়ের চেষ্টা করছে।
নিজস্ব প্রতিবেদক 




















