নিজস্ব প্রতিবেদক :
রাজধানীর যাত্রাবাড়ী থানার সায়েদাবাদ বাস টার্মিনাল এলাকায় মাদকবিরোধী অভিযানে গিয়ে মাদক কারবারির গুলিতে মাদক নিয়ন্ত্রণ অধিদফতরের (খিলগাঁও জোন) কর্মকর্তা গুলিবিদ্ধ হয়েছেন।
সোমবার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে সায়দাবাদ বাস টার্মিনালের পেছনে রেললাইনে এই ঘটনা ঘটে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর খিলগাঁও অঞ্চল ওই অভিযান চালায়।
নিহতের নাম ছিদ্দিকুর রহমান (৪০)। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে।
মাদকদ্রব্য অধিদফতরের ঢাকা মেট্রোপলিটন দক্ষিণের উপ-পরিচালক মো. রাজিউর রহমান জানান, ছিদ্দিকুর রহমান খিলগাঁও জোনে কর্মরত। ঢাকা দক্ষিনের ৭টি ইউনিট আজ মাদকবিরোধী অভিযানে বের হন। সকালে দয়াগঞ্জ এলাকায় অভিযান শেষ করে এরপর যান সায়দাবাদ এলাকায়।
তিনি জানান, সায়দাবাদ বাস টার্মিনালের পিছনে রেললাইনের পাশে কয়েকজন মাদক কারবারিকে সনাক্ত করে তাদের একজনকে জাপটে ধরে ছিদ্দিকুর। এ সময় মাদক কারবারি তার পকেটে থাকা পিস্তল বের করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। এতে একটি গুলি ছিদ্দিকুরের বাম পায়ের এক পাশ দিয়ে ঢুকে আরেক পাশ দিয়ে বেরিয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি মাটিতে পড়ে গেলে সহকর্মীরা উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসেন। ওই মাদক কারবারির নাম মাসুম বলে জানা গেছে। সে এই গুলি করেছে।
এদিকে, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল জরুরি বিভাগের চিকিৎসকরা জানান, তার বাম পায়ে গুলিবিদ্ধ হয়েছে। তবে গুলিটি অন্য পাশ দিয়ে বেরিয়ে গেছে। তার অবস্থা আশঙ্কামুক্ত।
নিজস্ব প্রতিবেদক 





















