নিজস্ব প্রতিবেদক :
মেট্রোস্টেশন এলাকা ও সংশ্লিষ্ট স্থাপনায় পূর্বানুমতি ছাড়া ভিডিওগ্রাফি, ফটোগ্রাফি কিংবা যেকোনো ধরনের কনটেন্ট তৈরি সম্পূর্ণভাবে নিষিদ্ধ ঘোষণা করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
১৭ ফেব্রুয়ারি ডিএমটিসিএল পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মেট্রো স্টেশন এলাকা, প্ল্যাটফর্ম, কনকোর্স, প্রবেশ ও বাহির পথ, ট্রেনের ভেতর এবং সংশ্লিষ্ট স্থাপনাসমূহে ডিএমটিসিএলের পূর্বানুমতি ছাড়া শর্ট ভিডিও তৈরি করে ইউটিউব বা সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, বাণিজ্যিক বা ব্যক্তিগত উদ্দেশ্যে ফটোগ্রাফি, লাইভ স্ট্রিমিং, শুটিং বা যেকোনো ধরনের কনটেন্ট কার্যক্রম চালানো যাবে না।
নিষেধাজ্ঞা অমান্য করলে প্রযোজ্য আইন ও নীতিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।
এতে আরও বলা হয়, ডিএমটিসিএলের বাণিজ্যিক স্পেস ভাড়া বা ইজারা নীতিমালা ২০২৩ অনুযায়ী মেট্রোরেল এলাকার ভেতরে বাণিজ্যিক শুটিং, ভিডিও বা ফটোগ্রাফির জন্য নির্ধারিত প্রক্রিয়ায় আবেদন করতে হবে। অনুমোদন সাপেক্ষে সংশ্লিষ্ট কার্যক্রম পরিচালনার সুযোগ থাকবে।
মেট্রোরেলে যাত্রীসেবা ও নিরাপত্তা নিশ্চিত রাখতে এই নির্দেশনা জারি করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
নিজস্ব প্রতিবেদক 






















