গাইবান্ধা জেলা প্রতিনিধি :
গাইবান্ধার সাদুল্লাহপুরে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনিতে দুজন নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে উপজেলার খোদ্দ মোজাহিদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, তিন সদস্যের একটি ছিনতাইকারী দল ইদিলপুর ইউনিয়নের মাদারহাট ব্রিজ এলাকায় ছিনতাই করতে গেলে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এ সময় দ্রুতগতিতে মোটরসাইকেল চালিয়ে পালানোর চেষ্টা করতে গিয়ে তারা খোদ্দ মোজাহিদপুর গ্রামে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে একটি পুকুরে পড়ে যায়। সেহরির সময় ডাকাতির খবর ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে ঘটনাস্থলে পৌঁছে পুকুরে পড়ে যাওয়া দুইজনকে মারধর করেন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দলের আরেক সদস্য পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আলিম উদ্দিন বলেন, খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করে। নিহতদের পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে বিশেষজ্ঞ দলকে ডাকা হয়েছে, তারা এলে বিস্তারিত জানা সম্ভব হবে।
গাইবান্ধা জেলা প্রতিনিধি 





















