নিজস্ব প্রতিবেদক :
বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রয়েছে। এ সময় জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার সার্ভিস অফিসে যোগাযোগের অনুরোধ করা হয়েছে।
এছাড়া সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে বিজিবি, পুলিশ, র্যাব। এমন অবস্থায় সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা।
বঙ্গবাজারের আগুন পাশের মহানগর মার্কেট ছাড়িয়ে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকে ছড়িয়ে পড়েছে। মঙ্গলবার (৪ এপ্রিল) সবশেষ খবর পাওয়া পর্যন্ত বেলা পৌনে ১২টা দিকে পুলিশ হেড কোয়ার্টার ব্যারাকের চারতলা ভবনে আগুন ছড়িয়ে পড়েছে। আগুন নিয়ন্ত্রণে পুলিশসহ ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
মঙ্গলবার (৪ এপ্রিল) পুলিশ সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মো. কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর সেবা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। জরুরি প্রয়োজনে স্থানীয় থানা অথবা ফায়ার স্টেশনের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছে পুলিশ হেড কোয়ার্টার।
আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিসের কমপক্ষে ৪ জন আহত হয়ে ঢাকা মেডিকেলসহ আশপাশের হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। এছাড়া ১৫ জনের বেশি সাধারণ মানুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছে বলে জানা গেছে।
নিজস্ব প্রতিবেদক 





















