নিজস্ব প্রতিবেদক :
চীনের গুয়াংজো, জার্মানির ফ্রাঙ্কফুর্ট ও ব্রাজিলের সাও পাওলো শহরে নতুন তিনটি কনস্যুলেট জেনারেল স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সরকার। প্রবাসী বাংলাদেশিদের কনস্যুলার সেবা সহজ করার পাশাপাশি বাণিজ্য, বিনিয়োগ ও কূটনৈতিক যোগাযোগ বাড়ানোই এ উদ্যোগের অন্যতম লক্ষ্য।
পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, আরও তিনটি কনস্যুলেট স্থাপনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এসব মিশনের জন্য প্রয়োজনীয় নতুন পদ, যানবাহন ও অফিস সরঞ্জাম সাংগঠনিক কাঠামোয় অন্তর্ভুক্ত করতে অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চাওয়া হয়েছে।
এ উদ্যোগে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রয়োজনীয় অনুমোদন ইতোমধ্যে পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলো বাংলাদেশের কূটনৈতিক, বাণিজ্যিক ও কনস্যুলার স্বার্থের দিক থেকে গুরুত্বপূর্ণ। নতুন কনস্যুলেট চালু হলে এসব অঞ্চলে বসবাসরত বাংলাদেশিরা কনস্যুলার সেবা আরও সহজে পাওয়ার সুযোগ পাবেন।
দক্ষিণ চীনের অন্যতম প্রধান বন্দর ও বাণিজ্যিক কেন্দ্র গুয়াংজো। এ অঞ্চলে বাংলাদেশি ব্যবসায়ী, শিক্ষার্থী ও প্রবাসীদের উল্লেখযোগ্য উপস্থিতি রয়েছে। বাংলাদেশের তৈরি পোশাকসহ বিভিন্ন পণ্যের সঙ্গেও অঞ্চলটির বাণিজ্যিক যোগাযোগ রয়েছে। বাংলাদেশের বর্তমানে বেইজিং ও কুনমিংয়ে মিশন থাকলেও গুয়াংজোর সঙ্গে দূরত্ব বেশি হওয়ায় সেখানকার কার্যক্রমে প্রয়োজনীয় গুরুত্ব দেওয়া কঠিন বলে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।
ফ্রাঙ্কফুর্ট জার্মানির অন্যতম গুরুত্বপূর্ণ আর্থিক ও ব্যবসায়িক কেন্দ্র। জার্মানি বাংলাদেশের অন্যতম বড় রপ্তানি বাজার এবং ইউরোপীয় ইউনিয়ন বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি গন্তব্য। ২০২৪ সালে বাংলাদেশ ও জার্মানির পণ্য বাণিজ্যের পরিমাণ প্রায় ৯ বিলিয়ন ইউরো ছিল। ফ্রাঙ্কফুর্টে কনস্যুলেট স্থাপনের মাধ্যমে ইউরোপের ব্যবসা ও বিনিয়োগের সঙ্গে বাংলাদেশের যোগাযোগ আরও বাড়ানোর সুযোগ তৈরি হতে পারে।
সাও পাওলো ব্রাজিলের প্রধান শিল্প ও বাণিজ্যিক কেন্দ্র। দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ অর্থনীতির দেশ ব্রাজিলের সঙ্গে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক ও বহুপক্ষীয় যোগাযোগ বাড়ানোর ক্ষেত্রেও এ কনস্যুলেট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সাও পাওলোতে কনস্যুলেট চালু হলে লাতিন আমেরিকার বাজারে বাংলাদেশের বাণিজ্যিক যোগাযোগ সম্প্রসারণ এবং ব্রিকস ও গ্লোবাল সাউথ-সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে কূটনৈতিক সম্পৃক্ততা বাড়ানোর সুযোগ তৈরি হবে।
নিজস্ব প্রতিবেদক 



















