নিজস্ব প্রতিবেদক :
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে দেশে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে হামে একটি শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি দুই শিশু হামের উপসর্গ নিয়ে মারা গেছে। একই সময় হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ শিশু, আর হাম শনাক্ত হয়েছে ৭৬ জনের।
বুধবার (১৫ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। এতে মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরা হয়েছে।
গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া তিন শিশুই ঢাকা বিভাগের। এই সময়ে সর্বোচ্চ ৬১ জনের হাম শনাক্ত হয়েছে ঢাকা বিভাগে। ১২ জনের হাম শনাক্ত হয়েছে রাজশাহী বিভাগে। আর তিনজন হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে সিলেট বিভাগে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ দেখা গেছে ১ হাজার ৩২ জনের মধ্যে। এর মধ্যে ৫০৫ জনই ঢাকা বিভাগের। একই সময়ে হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ৬৬৬ জন, যার মধ্যে ৩১৫ জন ঢাকা বিভাগে। সবচেয়ে কম রোগী ভর্তি হয়েছে সিলেট (৩০) ও ময়মনসিংহ (১) বিভাগে।
এ ছাড়া গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া ৪৬৮ জন হাসপাতাল থেকে ছুটি পেয়েছে। এর মধ্যে ঢাকা বিভাগে সর্বোচ্চ ২০৫ জন এবং খুলনা বিভাগে ৯৪ জন হাসপাতাল ছেড়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামে মোট ৩২ শিশুর মৃত্যু হয়েছে। এই সময় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৬৬ শিশুর। এ সময়ে হামের উপসর্গ নিয়ে আসা ১৯ হাজার ১৬১ জনের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছে ১২ হাজার ৩১৮ জন। তাদের মধ্যে ২ হাজার ৯৭৩ জনের হাম শনাক্ত হয়েছে। আর সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছে ৯ হাজার ৭৭২ জন।
বিভাগভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, ঢাকায় সবচেয়ে বেশি সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় ঢাকায় ৫০৫ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন এবং ৬১ জনের সংক্রমণ নিশ্চিত হয়েছে। একই সময়ে ঢাকায় ২ জনের মৃত্যু হয়। রাজশাহী বিভাগে ২৬১ জন এবং চট্টগ্রামে ১০০ জন সন্দেহজনক রোগী শনাক্ত হয়েছেন। অন্য বিভাগগুলোতেও সংক্রমণ অব্যাহত থাকলেও তুলনামূলকভাবে কম।
নিজস্ব প্রতিবেদক 



















