নিজস্ব প্রতিবেদক :
সেপ্টেম্বরসহ আগামী তিন মাস ডেঙ্গু পরিস্থিতি খারাপ ও ঝুঁকিপূর্ণ হতে পারে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবু আব্দুল্লাহ এম ছালেহ। এ জন্য সরকারের পক্ষ থেকে সবাইকে সতর্ক করা হয়েছে।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বর—এই তিন মাসে ডেঙ্গু পরিস্থিতি আরো খারাপ বা ঝুঁকিপূর্ণ হতে পারে বলে সতর্ক করেছে সরকার। তাই এডিস মশার লার্ভা ধ্বংসে বাসার আশপাশের জমা পানি ফেলে দিয়ে নিয়মিত চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
এই সময়টাকে ঝুঁকিপূর্ণ সময় মন্তব্য করে তিনি বলেন, ডেঙ্গু পরিস্থিতি কিন্তু আপনি আগে চিকিৎসা করে প্রতিরোধ করা সম্ভব না। তাহলে কি করতে হবে? এডিস মশার লার্ভা যেখান থেকে তৈরি হয়, ঘরে এসির পেছনে জমে থাকা পানি, যেকোনো জায়গায় জমে থাকা পানি, চার পাশে গর্তে জমে থাকা পানি পরিষ্কার করে রাখতে হবে। এবং এটা এই মাস এবং আগামী মাস খুবই ঝুঁকিপূর্ণ সময়।
প্রধানমন্ত্রীর প্রেসসচিব বলেন, মাত্র ২১২ দিনের মধ্যেই বর্তমান সরকার অনেক ইতিবাচক ফল এনেছে। গ্যাস-বিদ্যুৎ সংকট ইতোমধ্যে নিয়ন্ত্রণে চলে এসেছে।
তিনি বলেন, ২০০৯ সাল থেকে ক্ষমতায় থাকার পরও বিদ্যুৎ সংকট মোকাবেলায় ২০২২ সালে তাদের স্কুল ও অফিসের সময় কমিয়ে আনতে হয়েছিল। অথচ বর্তমান সরকার এই অল্প কয়েক মাসের মধ্যেই জনজীবনে শান্তি-শৃঙ্খলা ফেরাতে আন্তরিকভাবে কাজ করছে।
বিএনপি সরকার জনগণের কাছে একটি জবাবদিহিমূলক সরকার উল্লেখ করে প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী নিরলসভাবে কাজ করছেন। তিনি নিয়মিত গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নজর রেখে যেকোনো সমস্যার দ্রুত সমাধান দিচ্ছেন।
প্রেসসচিব বলেন, প্রধানমন্ত্রী ১৫০ টাকায় সাধারণ খাবার খাচ্ছেন—এটি বড় বিষয় নয়, বরং তার দৈনন্দিন কাজের মধ্য দিয়ে তিনি প্রমাণ করেছেন যে ক্ষমতা ভোগের জন্য নয়, এটি একটি দায়িত্ব। এর মাধ্যমে জনগণ রাষ্ট্রের মালিকানা ফিরে পেয়েছে এবং তারা দেখছে যে প্রধানমন্ত্রী তাদের সঙ্গেই আছেন।
সালেহ শিবলী বলেন, প্রত্যেকদিন অন্তত পাঁচ মিনিট করে সময় বরাদ্দ করতে হবে পরিষ্কার-পরিচ্ছন্নতার জন্য। আমরা যদি নিয়মিত প্রতি শনিবারে একটু পরিচ্ছন্ন অভিযান শুরু করি, যে ময়লা পানি ঘরে রাখবো না, তাহলে আমরা এই রোগটা থেকে, এই মরণঘাতী ডেঙ্গু থেকে আমরা রক্ষা পেতে পারব।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, আমরা যারাই আছি এতো গণমাধ্যমকর্মী হোক আর মন্ত্রী হোক আর সাধারণ মানুষ হোক; এটি কাউকে আলাদা করে চেনে না। সুতরাং এই কাজটা আমাদের প্রত্যেকেই করতে হবে।
তিনি বলেন, আমরা যদি প্রত্যেকেই প্রত্যেকের ঘর পরিষ্কার করি আজ থেকে, এখন থেকে। তাহলে আমার ধারণা যে, ইনশাল্লাহ আমরা আমাদের সুরক্ষিত রাখতে পারবো। সরকারের কাজগুলোতে শুধুমাত্র রাজনৈতিক বিতর্ক তৈরি না করে, রাজনৈতিক কোনো স্পর্শকাতর ইস্যু নিয়ে সারাক্ষণ ব্যস্ত না থেকে, কাজগুলো করতে পারি। এই রাষ্ট্রটা আমাদের। আমাদেরকেই গড়তে হবে। এই রাষ্ট্রের আর্থ-সামাজিক, রাজনৈতিক সব মূল্যগুলোকে আমাদেরকে ফিরিয়ে আনতে হবে। সরকারের কাজটাকে সহযোগিতা করতে হবে।
নিজস্ব প্রতিবেদক 


















