বিনোদন ডেস্ক :
কয়েক মাস আগে নিজের বিয়ে নিয়ে ছড়িয়ে পড়া গুঞ্জনকে ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়েছিলেন ছোটপর্দার অভিনেত্রী নাজনীন নীহা। তবে সামাজিক মাধ্যমে তার একটি পোস্ট নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
সোমবার (২৯ জুন) নিজের ফেসবুক প্রোফাইলে রিলেশনশিপ স্ট্যাটাস ‘এনগেজড’ হিসেবে হালনাগাদ করেন নাজনীন নীহা। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় নানা জল্পনা।
অনেকেই ধরে নেন, চুপিসারে বাগদান সম্পন্ন করেছেন এই অভিনেত্রী।
স্ট্যাটাস পরিবর্তনের পর শুভেচ্ছা ও প্রশ্নে ভরে যায় মন্তব্যের ঘর। কেউ হবু জীবনসঙ্গীর পরিচয় জানতে চান, কেউ আবার মিষ্টি খাওয়ার দাবিও তোলেন। তবে এসব মন্তব্যের কোনো উত্তর দেননি নীহা।
পরে বিষয়টি নিয়ে জানতে নীহার সঙ্গে যোগাযোগ করা হলে সব জল্পনার অবসান ঘটান অভিনেত্রী।
নাজনীন নীহা বলেন, আমি কিন্তু কোথাও বাগদানের কথা উল্লেখ করিনি। শুধু লিখেছি, এনগেজড। তার মানে আমি এখন আর সিঙ্গেল না। কারও না কারও সাথে সম্পর্কে জড়িয়েছি। বাকিটুকু সময় হলে জানতে পারবেন।
তিনি আরো বলেন, আমি আমার জায়গা থেকে অনেস্ট থাকতে পছন্দ করি। ফেসবুক স্ট্যাটাস এনগেজড মিনস আমি এখন আর সিঙ্গেল না। এই তথ্যটা যেমন কাউকে খুঁজে বের করতে হয়নি, আমি নিজেই জানিয়েছি । তেমনি কোন একটা সুইটেবল সময়ে ইন্ডিভিজুয়াল এর পরিচয়ও জানাব।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে নাজনীন নীহা নিজের ফেসবুক স্টোরিতে ‘আলহামদুলিল্লাহ’ লিখে হলুদ লাগানো দুটি হাতের একটি ছবি পোস্ট করেছিলেন। মুহূর্তেই সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে এবং তাঁর বিয়ে নিয়ে গুঞ্জন শুরু হয়। তবে সে সময় অভিনেত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন, ছবিটি একটি নাটকের দৃশ্য এবং বিয়ের খবর সম্পূর্ণ ভিত্তিহীন।
এবার অবশ্য পরিস্থিতি কিছুটা ভিন্ন। কারণ, বাগদানের ইঙ্গিত দিয়ে রিলেশনশিপ স্ট্যাটাস পরিবর্তন করলেও বিষয়টি নিয়ে এখনো প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি নাজনীন নীহা। ফলে এটি সত্যিই তাঁর ব্যক্তিগত জীবনের নতুন অধ্যায়ের সূচনা, নাকি অন্য কোনো কারণ—সেটি জানতে ভক্তদের আরও কিছুটা অপেক্ষা করতে হবে।
সবশেষে সম্পর্কের বিষয়টি স্বীকার করলেও, নিজের সঙ্গীর পরিচয় এখনই প্রকাশ করতে রাজি নন নাজনীন নীহা। তাঁর কথায়, সময় হলেই সবকিছু জানাবেন।
উল্লেখ্য, ২০২৩ সালের ঈদুল ফিতরে ‘লাভ সেমিস্টার’ নাটক দিয়ে অভিষেক ঘটে নাজনীন নীহার। প্রথম নাটকেই বাজিমাৎ করেন। এরপর ‘আশিকি’, ‘যুগল’, ‘মন দুয়ারী’, ‘মেঘবালিকা’, ‘নীলাঞ্জনা’, ‘জনম জনমে’, ‘মায়াপাখি’সহ বেশ কিছু দর্শকপ্রিয় নাটকে দেখা গেছে তাকে। অভিনয় করেছেন জিয়াউল ফারুক অপূর্ব, ফারহান আহমেদ জোভানসহ প্রথম সারির অভিনেতাদের সঙ্গে।
বিনোদন ডেস্ক 
























