নিজস্ব প্রতিবেদক :
আগামী বছর থেকে হজযাত্রীদের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি হজের খরচ আরো কমানোর আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শুক্রবার (১৭ এপ্রিল) রাত পৌনে ১২টায় রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনুষ্ঠানিকভাবে এ বছরের হজ ফ্লাইট কার্যক্রমের উদ্বোধনকালে তিনি এ আশ্বাস দেন।
প্রধানমন্ত্রী বলেন, আগামী বছর থেকে হজের খরচ আরও কমিয়ে আনতে কাজ করবে সরকার। আশা করি, আগামী বছর যারা হজে যাবেন তাদের জন্য ব্যয় আরও কিছুটা কমাতে পারব। আমরা প্রক্রিয়াগুলো আরও সহজ ও উন্নত করার চেষ্টা করছি, যাতে আগামী বছর থেকে হজযাত্রীদের ভোগান্তি ও কষ্ট লাঘব হয়।
তিনি বলেন, আমরা সরকার গঠন করেছি ফেব্রুয়ারির ১৮ তারিখ। এবার হজের ব্যবস্থাপনা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে। সেজন্য আমরা এসে এবার খুব বেশি কিছু করার সুযোগ পাইনি। তারপরও চেষ্টা করেছি যতটুকু করা যায়, তবে এবার একটা জিনিস করতে পেরেছি সেটা হলো হজের খরচ ১২ হাজার টাকার মতো কমাতে পেরেছি। আগামী বছর যাতে আরও খরচ কমাতে পারি, কম খরচে যাতে হজে পাঠানোর ব্যবস্থা করতে পারি আপনারা দোয়া করবেন।
হজযাত্রীদের দেশ ও জাতির কল্যাণের জন্য দোয়ার আহ্বান জানিয়ে তারেক রহমান বলেন, আপনারা দেশ ও দেশের মানুষের জন্য দোয়া করবেন। যাতে আল্লাহ তৌফিক দেন, আমাদের সামনে যত সমস্যা-বিপদ আছে, সেগুলো যেন আমরা মোকাবিলা করতে পারি। দেশের মানুষের জন্য সরকারের নেওয়া উদ্যোগগুলো যেন সফলভাবে বাস্তবায়ন করতে পারি।
এ সময় ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, বাংলাদেশে নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত আব্দুল্লাহ জাফর এইচ বিন আবিয়াহ, ধর্ম সচিব মুন্সি আলাউদ্দিন আল আজাদ, বেসামরিক বিমান চলাচল সচিব ফাহমিদা আখতার, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোস্তফা মাহমুদ সিদ্দিক উপস্থিত ছিলেন।
পরে প্রধানমন্ত্রীসহ অন্যদের উপস্থিতিতে ফ্লাইটেই হজযাত্রীদের নিরাপদ যাত্রার পাশাপাশি দেশ ও জাতির কল্যাণ চেয়ে দোয়া মোনাজাত হয়। এরপর ফ্লাইট থেকে নেমে বিমানবন্দরের ভিভিআইপি লাউঞ্জ হয়ে বাইরে এসে বিমানবন্দর ত্যাগ করেন প্রধানমন্ত্রী।
পরে রাত ১২টা ২০ মিনিটে ৪১৮ জন হজযাত্রী নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের উদ্দেশে রওনা হয়।
নিজস্ব প্রতিবেদক 



















