সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি :
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ট্রাক ও পিকআপের সংঘর্ষে পিকআপের চালক ও এক ব্যবসায়ী নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৮ আগস্ট) ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত পিকআপচালক রেজওয়ান হোসেন নাটোরের সিংড়া উপজেলার গোয়ালবাতান গ্রামের বাসিন্দা। আর ব্যবসায়ী সাদ্দাম হোসেন বগুড়া সদর থানার হেলেনসা পাড়ার বাসিন্দা।
হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ জানায়, ভোরে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের পাটধারী বাজার এলাকায় শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা সাদ্দাম হোসেন নামে একজন ঘটনাস্থলেই নিহত হন। এ সময় স্থানীয়রা গুরুতর আহত পিকআপ চালক রেজওয়ান হোসেনকে উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
পুলিশ আরও জানায়, মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং দুর্ঘটনাকবলিত ঘাতক ট্রাকটি আটক করে পুলিশ। তবে ট্রাকের চালক পালিয়ে গেছে।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপপরিদর্শক কিশোর কুমার জানান, ভোরে শাহজাদপুরগামী একটি পিকআপের সঙ্গে বিপরীতমুখী ট্রাকের সংঘর্ষ হয়। এতে পিকআপে থাকা দুধ ব্যবসায়ী সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হন। গুরুতর আহত পিকআপের চালক রেজওয়ান হোসেনকে স্থানীয়রা উদ্ধার করে সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনিও।
এদিকে, দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ সময়মতো ঘটনাস্থলে না আসার অভিযোগ তুলে নিহতের মরদেহ সড়কে রেখে মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে বগুড়া-নগরবাড়ি মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে সলঙ্গা থানা পুলিশের অনুরোধে অবরোধ প্রত্যাহার করেন স্থানীয়রা।
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি 























