পটুয়াখালী জেলা প্রতিনিধি :
পটুয়াখালীর বাউফলে প্রায় ৮ মাস বয়সী শিশুকে ঢাকাগামী লঞ্চে রেখে উধাও হয়ে গেলেন এক ব্যক্তি। বুধবার (১৫ এপ্রিল) সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকে এমভি বন্ধন-৫ লঞ্চে শিশুটিকে পাওয়া যায়।
লঞ্চের যাত্রী ও সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বিকেল ৪টার দিকে বাউফলের কালাইয়া লঞ্চঘাট থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করে লঞ্চটি। পরে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পথিমধ্যে ধুলিয়া লঞ্চঘাটে যাত্রী ওঠানামার জন্য থামে। এ সময় এক ব্যক্তি একটি কন্যা শিশু নিয়ে লঞ্চে ওঠেন এবং নিজেকে শিশুটির বাবা বলে পরিচয় দেন।
লঞ্চে উঠে কিছুক্ষণ তিনি অন্য যাত্রীদের সঙ্গে কথা বলেন এবং ডেকে বসে থাকেন। এক পর্যায়ে তিনি শিশুটির মাকে লঞ্চে নিয়ে আসার কথা বলে পাশের যাত্রীদের কাছে শিশুটির খেয়াল রাখার অনুরোধ করে লঞ্চ থেকে নেমে যান। এরপর লঞ্চ ছেড়ে গেলেও তিনি আর ফিরে আসেননি।
কিছুক্ষণ পর শিশুটি কান্না শুরু করলে আশপাশে তার কোনো স্বজনকে খুঁজে না পেয়ে যাত্রীরা বিষয়টি লঞ্চ কর্তৃপক্ষকে জানান। পরে লঞ্চ কর্তৃপক্ষ শিশুটিকে কয়েকজন নারী যাত্রীর তত্ত্বাবধানে রাখেন।
লঞ্চের যাত্রী মো. সোহেল বলেন, ধুলিয়া ঘাট থেকে ওই ব্যক্তি লঞ্চে উঠে কিছুক্ষণ যাত্রীদের পাশে বসা ছিলেন। লঞ্চ ছাড়বে ছাড়বে এমন সময়ে সে শিশুটিকে রেখে শিশুর মাকে এগিয়ে আনার কথা বলে নেমে যান। কিন্তু লঞ্চ ছাড়লেও তিনি আর ফিরে আসেননি।
এমভি বন্ধন-৫ লঞ্চের সুপারভাইজার মো. সজল জানান, কী কারণে শিশুটিকে রেখে ওই ব্যক্তি চলে গেলেন, তা এখনও জানা যায়নি। কন্যা শিশুটি বর্তমানে নিরাপদে আছে এবং তার পরিবারকে খোঁজার চেষ্টা চলছে।
এ বিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম বলেন, আমরা এ বিষয়ে এখনও তেমন কিছু জানি না। তবে খোঁজ নিয়ে দেখছি।
বাউফল উপজেলা সমাজসেবা অফিসার মো. মুশফিকুর রহমান ঢাকা পোস্টকে বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখেছি ধুলিয়ায় লঞ্চে এক শিশুকে পাওয়া গেছে। ওখান থেকে এ বিষয়ে কেউ তথ্য দেয়নি, কেউ জানায়নি। তবে এ বিষয়ে আগে পুলিশের কাছে ওই বাচ্চাকে হস্তান্তরের পরে আমরা পুরোপুরি জানতে পারব। এখন বাচ্চা কোথায় আছে তা আমরা জানি না। তবে খোঁজ নিচ্ছি, বিকেলে আপডেট জানাতে পারব।
পটুয়াখালী জেলা প্রতিনিধি 






















