নিজস্ব প্রতিবেদক :
গত সরকারের সময়ে মুক্তিযোদ্ধাদের তালিকা নিয়ে অনিয়ম দূর করতে ডিসিদের সহযোগিতা চাওয়ার কথা জানিয়েছেন মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
মঙ্গলবার (৫ মে) রাজধানীর উসমানী স্মৃতি মিলন আয়জনে অনুষ্ঠিত জেলা প্রশাসক (ডিসি) সম্মেলনের তৃতীয় দিনের প্রথম অধিবেশন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস প্রজেক্টের মাধ্যমে যে ৩০ হাজার বাসস্থান নির্মাণ হচ্ছে তার মধ্যে ১৭ হাজার ৮০০টি এরইমধ্যে সম্পন্ন হয়েছে। আরও নির্মাণ করা হচ্ছে।
‘বীরনিবাস’ প্রকল্পে অতীতে সংঘটিত দলীয়করণ ও দুর্নীতির অভিযোগ তদন্ত করা হবে বলে জানিয়ে ইশরাক হোসেন বলেন, ‘বীরনিবাস’ প্রকল্পের অনিয়মের পুনরাবৃত্তি রোধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন আরও কার্যকর করতে মাঠপর্যায়ে জেলা প্রশাসকদের সহযোগিতা চাওয়া হয়েছে।
তিনি জানান, ডিসিদের সঙ্গে বৈঠকটি ফলপ্রসূ হয়েছে এবং এর মাধ্যমে ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে।
তিনি বলেন, মন্ত্রণালয়ের সামনে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এর মধ্যে বীর মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন, তাদের সম্মান নিশ্চিত করা এবং ‘বীরনিবাস’ প্রকল্প বাস্তবায়ন উল্লেখযোগ্য। এসব সমস্যা দ্রুত সমাধানে কাজ চলছে।
প্রতিমন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের চলমান প্রকল্প ও কার্যক্রম কীভাবে পরিচালনা করা হচ্ছে এবং সেগুলোর বাস্তবায়নে ডিসিদের সহযোগিতা চাওয়া হয়েছে। কারণ মাঠপর্যায়ে কার্যক্রম বাস্তবায়নে তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাদের সঙ্গে আমাদের সেশনটি খুবই ফলপ্রসূ ছিল। আশা করি, আমাদের আগামীর কার্যক্রমগুলো আরও গতিশীল হবে।
তিনি বলেন, বীর মুক্তিযোদ্ধাদের জন্য গৃহনির্মাণ প্রকল্পের আওতায় ৩০ হাজার ঘর নির্মাণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে ১৭ হাজার ৮০৬টি ঘরের কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে এবং বাকি ঘরগুলো নির্মাণাধীন রয়েছে।
তিনি আরো বলেন, প্রকল্পগুলোর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সব পক্ষের সমন্বয়ে কার্যকর উদ্যোগ নেওয়া হবে।
নিজস্ব প্রতিবেদক 





















