নিজস্ব প্রতিবেদক :
ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি। প্রধানমন্ত্রীকে ভারত সফরের জন্য ইতোমধ্যে আমন্ত্রণ জানানো হয়েছে এবং আশা করা হচ্ছে, শিগগিরই এ সফর বাস্তবায়িত হবে।
বুধবার (২৯ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি এ কথা বলেন। এ দিন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেন দীনেশ ত্রিবেদী। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হন ভারতীয় হাইকমিশনার।
প্রধানমন্ত্রীর সম্ভাব্য ভারত সফর প্রসঙ্গে দীনেশ ত্রিবেদী বলেন, সফরের সময়সূচি নির্ধারণ বাংলাদেশের প্রধানমন্ত্রীর অগ্রাধিকারের বিষয়। তবে আমাদের পক্ষ থেকে বলতে পারি, আমরা বাংলাদেশ সরকারপ্রধানকে ভারতে স্বাগত জানানোর জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। আশা করছি খুব শিগগিরই এই সফরটি বাস্তবায়িত হবে।
আগামী ১২-১৩ সেপ্টেম্বর ভারতের নয়াদিল্লিতে ব্রিকসের ১৮তম সম্মেলন অনুষ্ঠিত হবে। ব্রিকসের সদস্য রাষ্ট্র না হলেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে অংশ নিতে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
ভারতীয় হাইকমিশনার বলেন, আজকের মিটিংটা অত্যন্ত চমৎকার হয়েছে। আমি মনে করি, এই বৈঠকটি একটি ইতিবাচক পদক্ষেপ। খুব আন্তরিক পরিবেশে আলোচনাটি সম্পন্ন হয়েছে, কারণ আমাদের মূল লক্ষ্য ও বিষয়গুলো একেবারেই অভিন্ন। ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি খেলাধুলার দিক থেকেও যেমন ক্রিকেট-আমাদের পারস্পরিক সম্পর্ক অনেক গভীর। আমরা এসব বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছি।
দীনেশ ত্রিবেদী বলেন, আমি এখান থেকে অত্যন্ত আনন্দিত ও কৃতজ্ঞ মনে ফিরে যাচ্ছি। আপনারা জানেন যে, আমরা ভিসা খুলে দিয়েছি; যাতে ভারত ও বাংলাদেশ উভয় দেশের মানুষই এর সুফল পেতে পারে।
ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক ঐতিহাসিক উল্লেখ করে হাইকমিশনার বলেন, আমাদের এই সম্পর্ক ঐতিহাসিক। আমরা শুধু সীমান্তই ভাগাভাগি করি না, আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং ভবিষ্যৎ স্বপ্নও এক।
তিনি বলেন, আজকের বৈঠকটি খুব ভালো হয়েছে। আমি এমন একটি সম্পর্কের দিকে তাকিয়ে আছি, যার মূল ভিত্তিই হলো উভয় দেশের মানুষের পারস্পরিক কল্যাণ। এটি কেবল শুরু, আমরা ভবিষ্যতে একে অপরের সঙ্গে আরও নিবিড়ভাবে কাজ করে যাবো।
তিনি বলেন, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান এবং প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে এই বৈঠকটিকে আমি একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচনা করি। এটি খুবই উষ্ণ ও আন্তরিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে, কারণ আমাদের ইস্যু বা বিষয়গুলো সবই এক।
দীনেশ ত্রিবেদী বলেন, আমি আপনাদের বলতে পারি যে, ঐতিহাসিকভাবে, সাংস্কৃতিকভাবে, এমনকি খেলাধুলা, বিশেষ করে ক্রিকেট নিয়ে আমরা সব বিষয়েই কথা বলেছি। আমি এখান থেকে খুবই আনন্দ নিয়ে ফিরে যাচ্ছি এবং আমি অত্যন্ত কৃতজ্ঞ যে, মন্ত্রীরা আমাকে এতটা সময় দিয়েছেন।
তিনি আরও বলেন, আপনারা জানেন যে, আমরা ভিসা উন্মুক্ত করেছি। তাই উভয় দেশের মানুষের পারস্পরিক সুবিধার জন্য ভারত ও বাংলাদেশ উভয় দিক থেকেই মানুষ অত্যন্ত আনন্দিত। আর এই সম্পর্ক ঐতিহাসিক। আমরা শুধু সীমানাই ভাগ করে নিই না, বরং ইতিহাস, সংস্কৃতি এবং স্বপ্নও ভাগ করে নিই। তাই বৈঠক খুবই ভালো হয়েছে। আর আমি এমন একটি সম্পর্কের দিকে তাকিয়ে আছি, যার মূল ভিত্তিই হবে উভয় পক্ষের মানুষের পারস্পরিক সুবিধা।
ভারতীয় হাইকমিশনার বলেন, আমরা এই ধারাবাহিক সম্পর্কের দিকেই তাকিয়ে আছি, যেমনটা বললাম সংস্কৃতি থেকে শুরু করে সঙ্গীত, এমনকি ক্রিকেট পর্যন্ত আমাদের সব কথাবার্তাই হলো। আর এটা তো কেবল শুরু, আমি নিশ্চিত যে আমরা একে অপরের সাথে আরও বেশি যুক্ত হব এবং আমি সেই অপেক্ষাতেই আছি।
তিস্তা ও গঙ্গা চুক্তি নবায়নের ব্যাপারে কোনো আলোচনা হয়েছে কি না, জানতে চাইলে ভারতীয় হাইকমিশনার বলেন, এটি একটি সৌজন্য সাক্ষাৎ ছিল। আর সৌজন্য সাক্ষাতে যেমন সৌজন্য বিনিময় হয়, তেমনই হয়েছে। পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে সমাধান করা যায় না, এমন কোনো সমস্যা নেই। কারণ দিন শেষে সাধারণ মানুষই মুখ্য। মানুষের সাথে মানুষের সম্পর্ক, যা উভয় দেশের গণতন্ত্র ও জনগণের জন্য লাভজনক হবে, সেটাই আসল।
আজকে আমি এটুকু বলতে পারি যে, এটি নিয়ে একটি ওয়ার্কিং গ্রুপ আছে। সেটি আমাদের ভারতেও আছে, বাংলাদেশেও আছে। ওয়ার্কিং গ্রুপের সদস্যরা নিশ্চয়ই নিজেদের মধ্যে মিলিত হবেন বা আলোচনা করবেন। আর যেমনটা আমি বললাম, এমন কোনো সমস্যা নেই, যা সমাধান করা যায় না। ওয়ার্কিং গ্রুপ অবশ্যই সক্রিয়ভাবে তাদের কাজ করবে এবং আমি বারবার যা বলছি, উভয় দেশের জনগণের জন্য যা কিছু মঙ্গলজনক, তা নিশ্চিতভাবেই ঘটবে, যোগ করেন দীনেশ ত্রিবেদী।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান যখন ভারত সফর করবেন, আমি নিশ্চিত তখন ওয়ার্কিং গ্রুপের কাছে নিজস্ব প্রতিবেদন থাকবে, তাই আমি ইতিবাচক সবকিছুর দিকেই তাকিয়ে আছি। আর আমি আপনাদের বলতে পারি, অনেক ইতিবাচক দৃষ্টিভঙ্গির সাথে আমাদের একটি চমৎকার বৈঠক হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 




















