নিজস্ব প্রতিবেদক :
অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেছেন, দ্রুততম সময়ে পল্লবীতে শিশুকে ধর্ষণের পর হত্যা মামলার রায় বিচার বিভাগের জন্য মাইলফলক হয়ে থাকবে।
রোববার (৭ জুন) শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার রায় ঘোষণার প্রতিক্রিয়ায় সুপ্রিম কোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় রাষ্ট্রের সব যন্ত্র সক্রিয়ভাবে কাজ করেছে বলে এত দ্রুত বিচার করা সম্ভব হয়েছে।
অ্যাটর্নি জেনারেল বলেন, এত কম সময়ে শিশু রামিসা হত্যা ও ধর্ষণ মামলার বিচার সম্পন্ন করে রাষ্ট্র তার অঙ্গীকার বাস্তবায়ন করেছে।
ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, প্রধানমন্ত্রীও এ মামলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন। প্রধান বিচারপতিও এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন বলে প্রত্যাশার কথা জানান অ্যাটর্নি জেনারেল।
তিনি জানান, দ্রুত তদন্ত ও বিচারের মাধ্যমে যে রায় হয়েছে, তা দেশের বিচার প্রক্রিয়ার জন্য একটি মাইলফলক।
এছাড়া দণ্ডিত ব্যক্তিরাও ন্যায়বিচার পেয়েছেন কি না, সেটি নিশ্চিত করাও বিচার ব্যবস্থার গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল।
এর আগে রাজধানীর মিরপুরের পল্লবীতে আট বছরের শিশু রামিসা আক্তার ধর্ষণের পর গলাকেটে হত্যার মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। রোববার (৭ জুন) ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীনের আদালত এ রায় ঘোষণা করেন।
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৯(২) ধারায় আসামিদের সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। দণ্ডের পাশাপাশি আসামি সোহেলকে ৫ লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অপরদিকে আসামি স্বপ্নাকে দণ্ডের পাশাপাশি দুই লাখ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। অর্থদণ্ড ভিকটিম রামিসার আইনগত উত্তরাধিকার পাবে।
ক্ষতিপূরণ না দিলে আসামিদের স্থাবর-অস্থাবর সম্পত্তি নিলামে বিক্রি করে ভিকটিম মৃত রামিসার আইনগত উত্তরাধিকারকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।
নিজস্ব প্রতিবেদক 


















