নিজস্ব প্রতিবেদক :
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু বলেন, গ্রামীণ অর্থনীতিতে প্রাণচাঞ্চল্য এনেছে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। কাবিখা (কাজের বিনিময়ে খাদ্য, কাবিটা (কাজের বিনিময়ে টাকা), টি,আর (টেস্ট রিলিফ), জিআর( জেনারেল রিলিফ), ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), ও খাল খনন কর্মসূচির মাধ্যমে প্রান্তিক পর্যায়ে উন্নয়ন যেমন সাধিত হয়েছে তেমনি আর্থিক প্রবাহ প্রান্তিক পর্যায়ে সঞ্চারিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন (কেআইবি) মিলনায়তনে ডিআরআরও (জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা) ও পিআইও (প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা) সম্মেলন-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
আসাদুল হাবিব দুলু বলেন, বিগত সরকারের আশ্রয়ণ প্রকল্পের আওতায় নির্মিত ঘরগুলো টেকসই নয়। এসব ঘরের বেশিরভাগেই এখন আর মানুষ বসবাস করেন না। অনেক জায়গায় সেগুলো ভবঘুরেদের আড্ডাস্থলে পরিণত হয়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, নতুন আশ্রয়ণ প্রকল্পের আওতায় যেসব হতদরিদ্র মানুষের ২ থেকে ১০ শতক জমি রয়েছে, তাদের নিজস্ব জমিতে ঘর নির্মাণ করে দেবে সরকার। এসব ঘরে সৌরবিদ্যুৎ সুবিধা থাকবে এবং বাসিন্দাদের মাশরুম চাষসহ বিভিন্ন আয়মুখী কাজের প্রশিক্ষণ দেওয়া হবে।
তিনি বলেন, সমাজ থেকে কাউকে বিচ্ছিন্ন না করে নিজস্ব জমিতেই ঘর নির্মাণের উদ্যোগ নেওয়া হচ্ছে। পাইলট প্রকল্প হিসেবে দেশের ২৫টি উপজেলায় দৃষ্টিনন্দন ঘর নির্মাণ করা হবে।
অনুষ্ঠানে খাল পুনরুদ্ধার নিয়েও কথা বলেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী। তিনি বলেন, শুধু খাল খনন করলেই হবে না, এগুলোকে বহুমুখী ব্যবহারের উপযোগী করতে হবে। দীর্ঘদিন সংস্কারের অভাবে পলি জমে অনেক খাল নষ্ট হয়ে গেছে।
তিনি বলেন, প্রাথমিকভাবে দেশের ২০টি খালকে মডেল খাল হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। আগামী ১৯ নভেম্বর লালমনিরহাটে একটি মডেল খাল উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এ সময় মন্ত্রণালয়ের কর্মকর্তাদের মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানান তিনি। পাশাপাশি মন্ত্রণালয়ের ভাবমূর্তি রক্ষায় কর্মকর্তাদের মানসিকতা পরিবর্তন এবং দুর্নীতিমুক্ত পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেন দুর্যোগ ও ত্রাণমন্ত্রী।
অনুষ্ঠানের বিশেষ অতিথি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন এমপি বলেন, বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) কোনো অর্থ যাতে ফেরত না যায় এবং অর্থের অপচয় যাতে না হয়, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে সজাগ থাকতে হবে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ সচিব মোহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক রেজওয়ানুর রহমান। সম্মেলনে সারা দেশ থেকে ডিআরআরও ও পিআইওরা অংশ নেন।
নিজস্ব প্রতিবেদক 



















