কুষ্টিয়া জেলা প্রতিনিধি :
কুষ্টিয়ায় অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। তার নাম জামাল হোসেন (ঠিকাদার)। এসময় তার সঙ্গে থাকা আরেকজন গুরুতর আহত হন।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে শহরের পূর্ব মজমপুর এলাকার নাসির ডাক্তারের গলিতে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জামাল হোসেনের বাড়ি রংপুর জেলায়। তিনি ঠিকাদারি কাজের সূত্রে কুষ্টিয়া শহরের পুলিশ লাইন্সের সামনে একটি ভাড়া বাসায় বসবাস করতেন। আহত ব্যক্তিকে স্থানীয়রা উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল-এ ভর্তি করেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা যায়, সাদ্দাম বাজার থেকে বাড়ি ফেরার পথে পূর্ব মজমপুরের নাসির ডাক্তারের গলির রেলক্রসিং পার হচ্ছিল মোটরসাইকেলটি। সেখানে কোনো রেলগেট বা গেটম্যান না থাকায় দীর্ঘদিন ধরেই দুর্ঘটনার ঝুঁকি ছিল। এ সময় রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি এসে মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং জামাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
ঘটনার পর স্থানীয় বাসিন্দারা তাৎক্ষণিক বিক্ষোভ প্রদর্শন করেন। তারা ওই অরক্ষিত রেলক্রসিংয়ে দ্রুত গেট স্থাপন এবং গেটম্যান নিয়োগের দাবি জানান।
পোড়াদহ জিআরপি থানার উপ-পরিদর্শক (এসআই) নাছির উদ্দীন বলেন, রেলগেট ও গেটম্যান না থাকায় অসাবধানতাবশত মোটরসাইকেলটি রেললাইনে উঠে পড়ে। এ সময় ট্রেনের নিচে চাপা পড়ে একজন নিহত ও একজন আহত হয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
কুষ্টিয়া জেলা প্রতিনিধি 























