কুমিল্লা জেলা প্রতিনিধি :
কুমিল্লা আদর্শ সদর উপজেলার কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে বিপুল অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) সকাল থেকে কটকবাজার এলাকায় একটি পুকুর সেঁচে এসব অস্ত্র উদ্ধার করা হয়।
র্যাব জানায়, অভিযানে বেশ কয়েকটি পিস্তল ও বন্দুকসহ দুই বস্তা মোড়ানো ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
র্যাব কুমিল্লা কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
সকাল ১০টা পর্যন্ত কটকবাজার কবরস্থানের পাশের ওই পুকুরপাড়ে গিয়ে দেখা যায়, শ্যালো মেশিন ব্যবহার করে পুকুরের পানি সেঁচে উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে র্যাব সদস্যরা। পুকুরটি সীমান্ত থেকে প্রায় সাড়ে ৩০০ মিটার দূরত্বে অবস্থিত। ওই পুকুরে আরও অস্ত্র থাকতে পারে বলে ধারণা করছে র্যাব।
মেজর সাদমান ইবনে আলম জানান, মঙ্গলবার ভোর থেকেই অস্ত্র উদ্ধার অভিযান শুরু হয়েছে। আপাতত সাদা বস্তা ও স্কচটেপ মোড়ানো বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, পুকুরে আরও অস্ত্র লুকানো থাকতে পারে।
কুমিল্লা জেলা প্রতিনিধি 























