আন্তর্জাতিক ডেস্ক :
ইন্দোনেশিয়ায় একটি বেসামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়েছে। চালকসহ মোট ৮ জন যাত্রী ছিলেন হেলিকপ্টারটিতে; দুর্ঘটনায় তারা সবাই নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৬ এপ্রিল) পশ্চিম কালিমান্তান প্রদেশের মেলাউই জেলায় ঘটেছে এই দুর্ঘটনা।
ইন্দোনেশিয়ার দুর্যোগ মোকাবিলা দপ্তরের মেলাউই শাখা শুক্রবার (১৭ এপ্রিল) দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছে।
ইন্দোনেশিয়ার উদ্ধারকারী সংস্থার প্রধান মোহাম্মদ শাফি জানিয়েছেন, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) স্থানীয় সময় সকালে মেলাউইয়ের একটি বাগান এলাকা থেকে উড্ডয়নের পাঁচ মিনিট পর এয়ারবাস এইচ১৩০ হেলিকপ্টারটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দুর্ঘটনা বা যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার জায়গাটি একটি ঘন জঙ্গলময় ও খাড়া পাহাড়ি এলাকা।
তিনি জানান, যোগাযোগ বিচ্ছিন্ন হওয়ার স্থান থেকে প্রায় ৩ কিলোমিটার (২ মাইল) পশ্চিমে উদ্ধারকারীরা হেলিকপ্টারটির লেজ বলে সন্দেহ করা ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছে।
দুর্গম পথ এবং ঘন বনাঞ্চলের জন্য দুর্ঘটনাস্থলে যেতে উদ্ধারকারী বাহিনীর বেশ সময় লেগেছে বলে জানিয়েছেন মোহাম্মদ সায়াফি। তিনি আরও জানিয়েছেন, বিমানটিতে ২ জন ক্রু এবং ৬ জন যাত্রী ছিলেন; তাদের সবাইকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। যাত্রীদের মধ্যে একজন মালয়েশিয়ার নাগরিক ছিলেন।
শুক্রবার সামরিক ও পুলিশ সদস্যসহ উদ্ধারকারীরা স্থলপথে দুর্ঘটনাস্থলে পৌঁছানোর চেষ্টা করছিলেন। শাফি জানান, বাগান এলাকাটির মালিক ছিল ইন্দোনেশীয় পাম তেল কোম্পানি চিত্রা মাহকোটা এবং হেলিকপ্টারটি ছিল ম্যাথিউ এয়ার নুসানতারার।
কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও জানা যায়নি। তবে হেলিকপ্টারটির লেজের অংশ সেটির মূল অংশ থেকে আলাদা হয় কয়েক কিলোমিটার দূরে পড়েছিল। ধারণা করা হচ্ছে, লেজের অংশটি হেলিকপ্টারের মূল অংশ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল; কিন্তু কী কারণে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল সেটি তার উত্তর মেলেনি।
দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ইতোমধ্যে একটি কমিটি গঠন করে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
আন্তর্জাতিক ডেস্ক 























