নিজস্ব প্রতিবেদক :
সদ্য নিয়োগপ্রাপ্ত ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) ও সহকারী অ্যাটর্নি জেনারেলদের (এএজি) পূর্ণ সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল।
রোববার (২ আগস্ট) সকালে সুপ্রিম কোর্টে রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনার জন্য নতুন নিয়োগপ্রাপ্ত আইন কর্মকর্তারা নিজ কার্যালয়ে যোগ দিতে এলে তাদের উদ্দেশে তিনি এসব কথা বলেন।
অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল নতুন নিয়োগপ্রাপ্তদের উদ্দেশে বলেন, আইন কর্মকর্তাদের অত্যন্ত স্বচ্ছতার সঙ্গে কাজ করতে হবে। যেকোনো অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। মানুষের বিচার পাওয়ার অধিকার নিশ্চিতে নিষ্ঠার সঙ্গে কাজ করাই হবে আপনাদের মূল লক্ষ্য।
সকাল ৮টায় নতুন নিয়োগ পাওয়া আইন কর্মকর্তারা প্রথমে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ে আসেন। সেখানে আনুষ্ঠানিকতা শেষে অ্যাটর্নি জেনারেল তাদের সঙ্গে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যান।
এর আগে গত ৩০ জুলাই আইন মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনের মাধ্যমে ২৬৫ জন আইন কর্মকর্তাকে নিয়োগ দেয়। তাদের মধ্যে ৮৬ জন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এবং ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ পেয়েছেন।
প্রথম কর্মদিবসে অ্যাটর্নি জেনারেলের নেতৃত্বে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে উপস্থিত হয়ে তারা আইনি কার্যক্রমে অংশগ্রহণ করেছেন।
নিজস্ব প্রতিবেদক 





















