নিজস্ব প্রতিবেদক :
পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন, এ নিয়ে দলের উচ্চপার্যায় সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি বলেন, যথাসময়ে দলের চূড়ান্ত সিদ্ধান্ত দেশবাসীকে জানানো হবে।
শনিবার (২৫ জুলাই) সকালে রাজধানীর শেরেবাংলা নগর জিয়া উদ্যানে রাষ্ট্রায়ত্ত ১২ প্রতিষ্ঠানের নবনিযুক্ত চেয়ারম্যানদের নিয়ে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী প্রয়াত বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় আগের দিন সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানে চুক্তিভিত্তিক নিয়োগ পাওয়া ১২ কর্মকর্তাও তার সঙ্গে উপস্থিত ছিলেন।
তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের পদত্যাগকৃত রাষ্ট্রপতির বিচারের দাবির বিষয়টিও দলীয় সিদ্ধান্ত।
রাষ্ট্রপতি পদ থেকে মো. সাহাবুদ্দিনের পদত্যাগ প্রসঙ্গে রিজভী বলেন, তিনি অসুস্থতার কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন, আমরা সেটা বিশ্বাস করতে চাই। তবে বিভিন্ন রাজনৈতিক দল থেকে পদত্যাগী রাষ্ট্রপতির বিচারের যে দাবি উঠেছে, সে বিষয়ে বিএনপির নীতিনির্ধারণী ফোরাম পরবর্তীতে আলোচনা করে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। আপাতদৃষ্টিতে, তিনি মূলত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েই পদত্যাগ করেছেন।
নতুন নিয়োগ প্রাপ্ত চেয়ারম্যান সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবে বলেও আশা করেন বিএনপির এই নেতা।
রিজভী আরও দাবি করেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দলের বিভিন্ন পর্যায়ের ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়ন করছেন।
রিজভী বলেন, গতকাল সরকারের বিভিন্ন সংস্থায় যাদের দায়িত্ব দেওয়া হয়েছে, তারা দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। সাম্প্রতিক আন্দোলনে দলের নেতা-কর্মীদের অবদান ও ত্যাগের স্বীকৃতি হিসেবেই তাদের গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়েছে।
তিনি বলেন, আমাদের দৃঢ় বিশ্বাস, আজ যাদের দায়িত্ব দেওয়া হয়েছে তারা কোনো অবস্থাতেই নিজেদের নীতি বিক্রি করবেন না এবং কখনোই মাথানত করবেন না।
প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করে রিজভী বলেন, বিগত চার মাসে মাননীয় প্রধানমন্ত্রী ও তার সরকার সমাজকল্যাণমূলক অসংখ্য কাজ হাতে নিয়েছেন এবং প্রতিটি প্রতিশ্রুতি বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বিশেষ করে ট্রিলিয়ন ডলারের যে যুগান্তকারী অর্থনৈতিক উদ্যোগ নেওয়া হয়েছে, তার মাধ্যমে এ দেশের তরুণ সমাজকে নতুন করে কাজে লাগানো হবে এবং কর্মসংস্থান সৃষ্টি করা হবে।
এসময় দলের নেতাকর্মী ও যোগ্য ব্যক্তিদের যথাযথ মূল্যায়ন করার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান রিজভী।
এর আগে নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিবসহ ১২টি গুরুত্বপূর্ণ পদে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দেয় সরকার। নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব পদে নিয়োগ পেয়েছেন সামসুল আলম। এছাড়া বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের মহাপরিচালক হয়েছেন সালাহউদ্দিন সরকার এবং বাংলাদেশ জুট করপোরেশনের চেয়ারম্যান হয়েছেন মামুন হাসান।
বোয়েসেলের ব্যবস্থাপনা পরিচালক পদে মোহাম্মদ রাশেদুল হক, বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশনের চেয়ারম্যান পদে মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুল, বিআইডব্লিউটিসির চেয়ারম্যান পদে এ টি এম আবদুল বারী ড্যানী, বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের নির্বাহী সচিব পদে কামরুজ্জামান, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের চেয়ারম্যান পদে আবদুল খালেক, বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশনের চেয়ারম্যান পদে শামসুজ্জামান (সুরুজ), বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক পদে কাজী রওনাকুল ইসলাম (টিপু), বাংলাদেশ তাঁত বোর্ডের চেয়ারম্যান পদে জাকির সিদ্দিকি এবং বিসিকের চেয়ারম্যান পদে বেনজীর আহমেদকে নিয়োগ দেওয়া হয়েছে।
নিজস্ব প্রতিবেদক 






















