মোংলা (বাগেরহাট) উপজেলা প্রতিনিধি :
খুলনার সুন্দরবন সংলগ্ন দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে হামলা ও ডাকাতির চেষ্টাকালে দুই দুষ্কৃতকারীকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড। সোমবার (৪ মে) বিকেলে তাদের আটক করা হয়।
মঙ্গলবার (৫ মে) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন।
কোস্টগার্ড সূত্রে জানা যায়, সোমবার (৪ মে) ভোর ৪টার দিকে খুলনার দাকোপ থানার ঢাংমারী খাল সংলগ্ন সুন্দরী ইকো রিসোর্টে অবস্থানরত পর্যটকদের লক্ষ্য করে একদল দুষ্কৃতকারী হামলা ও লুটপাটের উদ্দেশে রিসোর্টের জানালার গ্রিল ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় রিসোর্ট কর্তৃপক্ষ বিষয়টি টের পেয়ে ধাওয়া করলে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়।
ঘটনার পরপরই রিসোর্ট কর্তৃপক্ষ কোস্টগার্ডকে অবহিত করলে সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে একই দিন বিকেল ৫টার দিকে কোস্টগার্ড বেইস মোংলা একটি বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে ঢাংমারী খাল সংলগ্ন এলাকা থেকে ডাকাতি চেষ্টার সঙ্গে জড়িত রাজন সরদার (২৫) ও রতন সরদার (১৪) নামে দুই দুষ্কৃতকারীকে আটক করা হয়। তারা উভয়ই দাকোপ থানার বাসিন্দা।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তর করা হয়েছে।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে কোস্টগার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।
মোংলা (বাগেরহাট) উপজেলা প্রতিনিধি 























