নিজস্ব প্রতিবেদক :
যুক্তরাষ্ট্রে দুই শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনায় যথাযথ তদন্ত ও বিচার চায় বাংলাদেশ বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
রোববার (২৬ এপ্রিল) মন্ত্রণালয়ের এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, এটা খুবই দুঃখজনক। ফ্লোরিডাতে একটি ছেলে, একটি মেয়ে নিহত হয়েছে নৃংশসভাবে। ছেলেটির মরদেহ পাওয়া গেছে, মেয়েটির মরদেহ পাওয়া যায়নি। ওয়াশিংটন মিশন, পররাষ্ট্র মন্ত্রণালয়, স্টেট ডিপার্টমেন্ট, এফবিআইসহ সংশ্লিষ্ট সব এজেন্সির সঙ্গে যোগাযোগ রাখছি।
তিনি বলেন, দুই পরিবারের সঙ্গে আমি কথা বলেছি। আমাদের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করা হবে। ছেলেটির মরদেহ ফিরিয়ে আনার ব্যাপারে তার যে অটোপসি করতে হবে, লিগ্যাল কাজগুলো হবে; আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব প্রত্যাবাসন করব। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় এটাতে সহযোগিতা করছে, অন্যটার জন্য (বৃষ্টি) আমাদের সহযোগিতা করতে হবে। যুক্তরাষ্ট্রের সব স্টেক হোল্ডারের সঙ্গে আমরা যোগাযোগ রাখছি।
প্রতিমন্ত্রী আশা প্রকাশ করেন, যুক্তরাষ্ট্র যেন এটার তদন্ত করে এবং যারা এই নৃংশস ঘটনা ঘটিয়েছে তাদের বিচারের আওতায় আনা হয়।
বাংলাদেশ নিয়ে বিজেপির নেতাদের মন্তব্যের প্রতিক্রিয়ায় তিনি বলেন, নির্বাচনের আগে অনেকে অনেক কথা বলে। এগুলো আমরা গোনার মধ্যে ধরলে আসল কাজ করা হবে না।
বাংলাদেশি জাহাজ জয়যাত্রাসহ অন্য আরেকটি জাহাজ হরমুজ প্রণালি পার হওয়া প্রসঙ্গে শামা ওবায়েদ বলেন, আমরা আশা করছি যে, হরমুজে আমাদের জয়যাত্রাসহ যেসব জাহাজ আসছে সেগুলো নিরাপত্তার সঙ্গে আসবে। আমরা যতদূর জানি আসছে।
সম্প্রতি আফ্রিকা সফর নিয়ে এক প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, সেনেগাল ও এঙ্গোলার সঙ্গে আমাদের জ্বালানি সহযোগিতা হতে পারে। ভবিষ্যতে আলাপ হবে, যোগাযোগ বৃদ্ধি পাবে।
নিজস্ব প্রতিবেদক 





















