নিজস্ব প্রতিবেদক :
কলেজছাত্র রিজওয়ান রশীদের বানানো গো-কার্ট (রেসিং কার) চালিয়ে তাকে উৎসাহ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার দুপুরে (২৫ এপ্রিল) দুপুরে তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে প্রধানমন্ত্রী গো-কার্টটি পর্যবেক্ষণ করেন তিনি। এ সময় রিজয়ান রশীদসহ উদ্ভাবনী তরুণদের উৎসাহ দিতে প্রধানমন্ত্রী নিজেই গো-কার্টটি চালিয়ে দেখেন।
প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি জাহিদুল ইসলাম রনি এ কথা জানান।
জানা যায়, রিজয়ান রশীদ নামে এক কলেজছাত্র সম্পূর্ণ নিজস্ব প্রযুক্তি ও মেধা খাটিয়ে একটি গো-কার্ট বা ছোট রেসিং কার তৈরি করেছেন। দুপুরে প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয় প্রাঙ্গণে গাড়িটি নিয়ে আসা হলে প্রধানমন্ত্রী সেটি দেখতে যান।
এ সময় তিনি বেশ সময় নিয়ে গাড়িটির নির্মাণশৈলী ও বিভিন্ন প্রযুক্তিগত দিক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন।
এরপর উদ্ভাবক রিজয়ান রশীদসহ দেশের অন্যান্য মেধাবী ও উদ্ভাবনী তরুণদের কাজে আরও উৎসাহ জোগাতে প্রধানমন্ত্রী নিজেই রেসিং কারটির স্টিয়ারিং ধরেন এবং কার্যালয় প্রাঙ্গণে তা চালিয়ে দেখেন।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে রিজওয়ান রশিদের এই গো-কার্ট তৈরির বিষয়টি ভাইরাল হলে তা প্রধানমন্ত্রীর নজরে আসে। এরপরই প্রধানমন্ত্রী এ বিষয়ে খোঁজখবর নিতে তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে দায়িত্ব দেন। প্রধানমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে আজ নিজের উদ্ভাবন নিয়ে হাজির হন রিজওয়ান। সাক্ষাৎকালে তিনি প্রধানমন্ত্রীকে এই গাড়ি তৈরির নেপথ্যের গল্প শোনান।
রিজওয়ান রশিদের বাবা একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার, যিনি বর্তমানে শিক্ষা মন্ত্রণালয়ের যান্ত্রিক বিভাগে কর্মরত। মূলত বাবার অনুপ্রেরণাতেই প্রযুক্তির এই পথে তার যাত্রা শুরু। ২০২৫ সালে এইচএসসি পরীক্ষার পর অবসর সময়কে কাজে লাগাতে ভিন্ন কিছু করার পরিকল্পনা করেন রিজওয়ান। পরিবারের পক্ষ থেকে তাকে মোটরসাইকেল কিনে দেওয়ার প্রস্তাব দেওয়া হলেও তার আগ্রহ ছিল চার চাকার গাড়িতে। কিন্তু আর্থিক সীমাবদ্ধতা থাকায় নিজেই একটি গো-কার্ট তৈরির চ্যালেঞ্জ নেন তিনি।
গাড়িটি চালানোর অভিজ্ঞতা শেষে প্রধানমন্ত্রী তারেক রহমান রিজওয়ান রশিদের মেধা ও পরিশ্রমের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, দেশের তরুণদের এমন সৃজনশীল কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত। তিনি আশ্বাস দেন, এ ধরনের দেশীয় উদ্ভাবনকে এগিয়ে নিতে সরকার সব সময় পাশে থাকবে।
উল্লেখ্য, এইচএসসি পরীক্ষার পর নিজের জমানো টাকায় স্থানীয় যন্ত্রাংশ ব্যবহার করে মাত্র এক লাখ টাকায় গো-কার্ট (রেসিং কার) তৈরি করেছেন কলেজছাত্র রিজওয়ান রশীদ। মাত্র দুই থেকে তিন মাসের প্রচেষ্টায় তৈরি এই কারটি স্থানীয়ভাবে পরীক্ষিত এবং নিরাপদ ডিজাইনে তৈরি।
নিজস্ব প্রতিবেদক 


















