নিজস্ব প্রতিবেদক :
দেশে হামের সংক্রমণ পরিস্থিতি ভয়াবহ রূপ নিচ্ছে। গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গে আরো ৩ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ৯৪৭ জন।
শুক্রবার (৩ এপ্রিল) স্বাস্থ্য অধিদফতরের সমন্বিত নিয়ন্ত্রণ কেন্দ্র থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টা থেকে শুক্রবার (৩ এপ্রিল) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিতভাবে হামে আক্রান্তের সংখ্যা ৪২ জন। এ সময় কোনো মৃত্যু নেই। তবে সন্দেহজনক হাম রোগে ৯৪৭ জন আক্রান্ত ও ৩ জনের মৃত্যু হয়েছে।
এতে জানানো হয়, গত ১৫ মার্চ থেকে শুক্রবার (৩ এপ্রিল) পর্যন্ত মোট নিশ্চিত হাম রোগীর সংখ্যা ৭৭১ জন। আর সন্দেহজনক হামে আক্রান্তের সংখ্যা ৫ হাজার ৭৯২। এ সময় নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৯ জনের মৃত্যু হয়েছে। আর সন্দেহজনক হামে আক্রান্ত হয়ে প্রাণ হারিয়েছে ৯৪ জন।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, গত ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত মোট সুস্থ রোগীর সংখ্যা ২ হাজার ৫২৭ জন।
স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, শিশুদের মধ্যে সংক্রমণের হার সবচেয়ে বেশি। পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বাস্থ্য অধিদপ্তর ইতোমধ্যেই চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের সব ধরনের ছুটি বাতিল করেছে। পাশাপাশি আগামী রোববার থেকে দেশব্যাপী বিশেষ টিকাদান কর্মসূচি শুরু করার জোর প্রস্তুতি চলছে।
সংক্রমণ নিয়ন্ত্রণে আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে এবং পুষ্টিকর খাবার নিশ্চিত করার পরামর্শ দিয়েছেন জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা।
নিজস্ব প্রতিবেদক 























