নিজস্ব প্রতিবেদক :
আগামী দুইদিনের মধ্যে ২১.৯ লাখ টিকা সারাদেশে পাঠানো এবং রোববার থেকে হামের টিকাদান কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মো. সরদার সাখাওয়াত হোসেন।
বুধবার (১ এপ্রিল) দুপুরে সচিবালয়ে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, রোববার থেকে পুরো জেনারেশন কাভার হওয়া পর্যন্ত ৬-১০ মাস বাচ্চাদের হামের টিকা দেওয়া হবে। পাশাপাশি এপিআই এর অন্য টিকা কার্যক্রমও চলবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, বেশি আক্রান্ত এলাকায় আগে টিকা দেওয়া হবে। আগামী দুই দিনের মধ্যে সংশ্লিষ্ট এলাকায় টিকা পৌঁছে যাবে। সারা দেশে টিকা কার্যক্রম ভালোভাবে সম্পন্ন করতে স্বাস্থ্যকর্মীদের সব ছুটি বাতিল করা হয়েছে।
তিনি বলেন, বর্তমানে হাম মোকাবিলায় পর্যাপ্ত ভেন্টিলেটর প্রস্তুত রয়েছে। হাসপাতালে প্রয়োজনীয় সংখ্যক শয্যাও প্রস্তুত করা হয়েছে।
স্বাস্থ্য মন্ত্রী বলেন, পরিস্থিতি মোকাবেলায় ইতোমধ্যে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেওয়া হয়েছে আক্রান্তদের ঘিরে ‘রিং ইমিউনাইজেশন’ পদ্ধতিতে টিকাদান কার্যক্রম চালু করা হবে, যার মাধ্যমে সংক্রমণ ছড়িয়ে পড়া প্রতিরোধ করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞ কমিটির সুপারিশ অনুযায়ী এই কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।
নিজস্ব প্রতিবেদক 





















