নিজস্ব প্রতিবেদক :
জ্বালানি সংকটের বিষয়টি বিবেচনায় নিয়ে মহানগরীর এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে (বিশ্ববিদ্যালয় বাদে) অনলাইন ও সশরীরে (ব্লেনডিং) ক্লাস নেওয়ার বিষয়টি আলোচনা হচ্ছে বলে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি সংকটের কারণে তারা এটা ভাবছেন। তবে এটা মন্ত্রিসভার বৈঠকে আলোচনা হবে এবং সেখানেই সিদ্ধান্ত হবে।
মঙ্গলবার (৩১ মার্চ) সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আ ন ম এহছানুল হক মিলন বলেন, জ্বালানি-সংকট শুধু বাংলাদেশ নয়; এটা বিশ্বব্যাপী সংকট। এটা কত দিন স্থায়ী থাকবে আমরা জানি না। সেই কারণে আমরা ভাবছি আমাদের স্কুল সিস্টেমগুলোকে অনলাইনে এনে তাদেরকে অন অ্যান্ড অফ ব্লেডিং সিস্টেম করতে।
আমাদের সপ্তাহে পাঁচ দিন ক্লাস ছিল উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, রোজার ছুটি, বিভিন্ন আন্দোলনের কারণে আমরা কিছু ক্লাস লস করেছি। এই সংকট সমাধানে আমরা ছয় দিন ক্লাস নেওয়ার চিন্তা করছি। এই সময়ে বিশ্বব্যাপী জ্বালানি-সংকট দেখা দেয়। তাই আমরা ভাবছি ব্লেন্ডিং করা যায় কি না। ৫৫ শতাংশ মানুষ চাচ্ছে অনলাইনে ক্লাস নেওয়ার জন্য। তবে পুরোপুরি অনলাইনে চলে গেলে আমরা আন সোশ্যাল হয়ে যাব। তাই সব বিষয় চিন্তা করে কী করা যায় আমরা ভাবছি।
তিনি বলেন, ‘আমরা আলোচনা করে ক্যাবিনেট বৈঠকে উপস্থাপন করব। সেখান থেকে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে।’
শিক্ষামন্ত্রী বলেন, এখন থেকে সপ্তাহে ৬ দিন ক্লাস খোলা রাখার পরিকল্পনা রয়েছে। আর দেশের মেট্রোপলিটন এলাকায় অনলাইন ক্লাসের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে।
শিক্ষাব্যবস্থার বিভিন্ন কাঠামোগত সীমাবদ্ধতার প্রসঙ্গ তুলে ধরে তিনি বলেন, এসএসসি ও এইচএসসি পরীক্ষার দীর্ঘসূত্রতা, বিশেষ করে শিক্ষাপ্রতিষ্ঠানগুলো ৩১ ডিসেম্বরের মধ্যে পরীক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা শেষ করলেও শিক্ষা বোর্ডগুলো এই দুটি পাবলিক পরীক্ষা সেই বছরের ডিসেম্বরে না নিয়ে পরবর্তী বছরের এপ্রিল ও জুনে নিয়ে থাকে। এ কারণে শিক্ষার্থীদের মূল্যবান সময় নষ্ট হচ্ছে, যা জাতীয় পর্যায়ে বড় ধরনের ক্ষতির কারণ।
প্রাথমিকভাবে স্কুল পর্যায়ে এ পদ্ধতি চালুর ওপর জোর দেওয়া হলেও কলেজ পর্যায়েও তা প্রযোজ্য হতে পারে কি না, সে বিষয়েও আলোচনা চলছে। তবে বিশ্ববিদ্যালয় পর্যায়ে আপাতত ভিন্ন ব্যবস্থা রাখা হতে পারে বলে ইঙ্গিত দেন তিনি।
এছাড়া, মহানগর এলাকায় ট্রাফিক জট ও জ্বালানি সংকট মোকাবিলায় শিক্ষার্থীদের জন্য বাস সার্ভিস চালু, বৈদ্যুতিক বাস, মেট্রোরেল ও সৌরশক্তিচালিত পরিবহন ব্যবস্থার বিষয়ও বিবেচনায় রয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী।
জ্বালানি সাশ্রয় সংক্রান্ত বৈঠকে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 



















