নিজস্ব প্রতিবেদক :
ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে সরাসরি পুলিশকে জানানোর পরামর্শ দিয়েছেন পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। একই সঙ্গে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, ‘ঈদযাত্রায় বেশি ভাড়া নিলে ব্যবস্থা নেওয়া হবে।’
মঙ্গলবার (১৭ মার্চ) সকালে গাবতলী বাস টার্মিনাল পরিদর্শনে এসে তিনি এ হুঁশিয়ারি দেন।
আলী হোসেন ফকির বলেন, বাংলাদেশের সব ইউনিটকে বলে দিয়েছি, এই ঈদযাত্রা সুষ্ঠু ও সুন্দর করার জন্য। সব ইউনিটের ফোর্স নিয়োজিত থাকবে। বাংলাদেশ পুলিশ তৎপর। অনাকাঙ্ক্ষিত ঘটনা বা কোনো অন্যায়ের সঙ্গে কোনো ধরনের কম্প্রোমাইজ নেই।
টিকিটের মূল্য বেশি নেওয়ার পরও অভিযোগ না করার বিষয়ে তিনি বলেন, এটা আমাদের সমস্যা। আইন না জানাই একটা অপরাধ। জানার দায়িত্ব নিজের। প্রচলিত দেশের আইন জানা একজন নাগরিক হিসেবে নাগরিক দায়িত্ব। প্রধান দায়িত্ব আপনাকে আইন জানতে হবে। আপনি জানেন না, এসে বলবেন আমি এটা জানতাম না, এই অজুহাত মানবো না। প্রচলিত আইন জানা এটাও আমাদের দায়িত্ব।
এ সময় যত্রতত্র গাড়ি পার্কিং এবং যাত্রী নামানোর কারণে যানজট বাড়ে বলেও মন্তব্য করেন আইজিপি। তিনি বলেন, ‘ঈদে মহাসড়কে মানুষকে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয়। যেখানে সেখানে গাড়ি পার্কিং এবং অযাচিত কারণে যানজট রুখতে ট্রাফিক বিভাগকে নির্দেশনা দেওয়া হয়েছে যেন অতিরিক্ত যানজট তৈরি না হয়।
লোকাল পর্যায়ে যানজট নিরসনে কাজ করছে পুলিশ। পাশাপাশি সবাই নিজ নিজ জায়গা থেকে সচেতন থাকলে ঈদযাত্রা আরও ভালো হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন আলী হোসেন ফকির।
আইজিপি বলেন, প্রতি বছর ঈদযাত্রায় যাত্রীদের নানা ভোগান্তির শিকার হতে হয়। বিশেষ করে সড়কে দীর্ঘ যানজটে আটকে থাকতে হয়। অনেকেই ঈদের আগের দিন রওনা দিয়ে সময়মতো গন্তব্যে পৌঁছাতে পারেন না। মহাসড়কগুলোতে ব্যবস্থাপনা উন্নত করতে সংশ্লিষ্টদের নিয়ে সমন্বিত উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি বলেন, দেশের বিভিন্ন বড় বাজার ও গুরুত্বপূর্ণ মোড়গুলোতে সারা বছরই যানজট লেগে থাকে। এসব স্থানে পুলিশের উপস্থিতি জোরদার করা এবং স্থানীয় জনপ্রতিনিধিদের সম্পৃক্ত করে যানজট কমানোর নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি গুরুত্বারোপ করা হয়েছে পরিবহন খাত সংশ্লিষ্ট চালক ও সহকারীদের ট্রাফিক আইন মেনে চলার ওপরও। তাদের ট্রাফিক আইন বিষয়ে প্রশিক্ষণ ও সচেতনতা বৃদ্ধির জন্যও আহ্বান জানানো হয়েছে।
গাবতলী বাস টার্মিনালের আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে আইজিপি বলেন, এখানে মাদকসেবী ও ছিনতাইকারীদের উপস্থিতি রয়েছে। তবে এ বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ এবং দেশের সব ইউনিটকে সার্বক্ষণিক দায়িত্বে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা বা অপরাধের সঙ্গে আপস করা হবে না।
রাজধানীতে অবৈধ বাস কাউন্টার প্রসঙ্গে তিনি বলেন, ঢাকা শহরের ভেতরে দূরপাল্লার বাস কাউন্টার থাকতে পারবে না। এসব অপসারণে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে কাউন্টার ব্যবস্থার বিকেন্দ্রীকরণের ওপরও গুরুত্ব দেওয়া হচ্ছে।
অতিরিক্ত ভাড়া নেওয়ার পরও যাত্রীদের অভিযোগ না করার প্রবণতা প্রসঙ্গে আইজিপি বলেন, আইন জানা প্রতিটি নাগরিকের দায়িত্ব। ‘আইন জানা ছিল না’—এমন অজুহাত গ্রহণযোগ্য নয়। তিনি সবাইকে সচেতন হয়ে নিজের অধিকার সম্পর্কে জানার আহ্বান জানান।
বাস টার্মিনাল পরিদর্শনকালে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বাস মালিক সমিতির নেতারা উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 




















