নিজস্ব প্রতিবেদক :
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করেছেন জাতীয় সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
শুক্রবার (১৩ মার্চ) বেলা সাড়ে ১১টায় রাজধানীর শেরে বাংলা নগরের সমাধি কমপ্লেক্সে যান তারা। সেখানে শ্রদ্ধা নিবেদন শেষে ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেন স্পিকার-ডেপুটি স্পিকার।
এসময় জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরাও উপস্থিত ছিলেন সেখানে।
এর আগে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন সংসদের নবনির্বাচিত স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) বেলা ১১টার দিকে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের আহ্বানে সংসদের কার্যক্রম শুরু হয়। এদিন সংসদ অধিবেশনে ড. খন্দকার মোশাররফ হোসেনের সভাপতিত্বে মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম এবং ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল যথাক্রমে স্পিকার ও ডেপুটি স্পিকার নির্বাচিত হন।
নিজস্ব প্রতিবেদক 


















