ফেনী জেলা প্রতিনিধি :
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেন, পরিবেশ খাতে অতীতে যে লুটপাট হয়েছে, ভবিষ্যতে তা আর হতে দেওয়া হবে না। অনিয়ম ও লুটপাটের জন্য দায়ীদের অবশ্যই জবাবদিহিতার আওতায় আনা হবে। পরিবেশ দূষণ একটি জাতীয় সমস্যা এটি রোধ করা আমাদের সকলের দায়িত্ব।
রোববার (৮ মার্চ) সকালে ফেনী সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
পরিবেশমন্ত্রী বলেন, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে মাটি পুড়িয়ে ইট তৈরি পর্যায়ক্রমে বন্ধ করা হবে। তবে রাতারাতি এটি পরিবর্তন করা সম্ভব নয়। পরিবেশবান্ধব ব্লক ইটে রূপান্তর হতে কিছুটা সময় লাগবে। তবে পরিবেশ রক্ষার স্বার্থে আমাদের অবশ্যই ব্লক ইটের দিকে যেতে হবে।
দেশের পরিবেশ রক্ষায় সরকারের কঠোর অবস্থানের কথা জানিয়ে আব্দুল আউয়াল মিন্টু বলেন, সরকার জনজীবনের মানোন্নয়ন ও দূষণমুক্ত দেশ গড়তে বদ্ধপরিকর। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট দুর্যোগ মোকাবিলা করা। এ লক্ষ্যে ইতোমধ্যে ১৮০ দিনের একটি বিশেষ কর্মপরিকল্পনা হাতে নেওয়া হয়েছে। আগামী মে মাস থেকে আগস্ট মাস পর্যন্ত দেশব্যাপী ব্যাপক হারে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হবে।
ঢাকা শহরের বর্তমান বায়ুমান নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, ঢাকার বায়ুদূষণ বর্তমানে বিশ্বের মধ্যে সবচেয়ে খারাপ পর্যায়ে রয়েছে। পরিবেশের উন্নয়ন ছাড়া জীবনযাত্রার মানোন্নয়ন সম্ভব নয়। দূষণ কমানো এখন আমাদের জাতিগত দায়িত্ব। এটি শুধু স্বাস্থ্যের ক্ষতি করছে না, বরং দেশের অর্থনীতিকেও ক্ষতিগ্রস্ত করছে এবং মানুষের গড় আয়ু কমিয়ে দিচ্ছে।
উন্নয়ন কর্মকাণ্ডে কোনো ধরনের গাফিলতি সহ্য করা হবে না উল্লেখ করে মন্ত্রী বলেন, সরকার দেশের প্রকৃত উন্নয়ন চায়। মাঠ পর্যায়ের কাজে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দেন তিনি।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন- ফেনীর জেলা প্রশাসক মুনিরা হক, পুলিশ সুপার শফিকুল ইসলাম, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক শাহ নবী নেওয়াজ, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক মোবাশ্বের হোসেন মো. রাজিব এবং জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী হাবিবুল্লাহ মানিক, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন মামুন, দাগনভূঁইয়া উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন সদস্য সচিব কামরুল উদ্দিন ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ফেনী জেলা প্রতিনিধি 






















