নিজস্ব প্রতিবেদক :
রমজান ও আসন্ন ঈদকে সামনে রেখে বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ অবৈধভাবে পণ্য মজুত করে অতিমুনাফার চেষ্টা করছে কি না, এসব বিষয় তদারকির জন্য বাজার পরিদর্শন করা হচ্ছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
শনিবার (৭ মার্চ) দুপুরে রাজধানীর শ্যামবাজারে এলাকায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তাদের সঙ্গে নিয়ে মসলা ও সবজির পাইকারি ও খুচরা বাজার পরিদর্শনের ময় তিনি এ কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, শ্যামবাজার রাজধানীর অন্যতম বড় পাইকারি বাজার। এখান থেকে ঢাকার বিভিন্ন এলাকায় সবজি, মসলা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহ করা হয়। রমজান ও ঈদকে সামনে রেখে বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কেউ যেন অবৈধভাবে পণ্য মজুত করে অতিমুনাফা করতে না পারে—সেই বিষয়টি নিশ্চিত করতে এই পরিদর্শন পরিচালনা করা হয়েছে।
তিনি বলেন, বাজারের বিভিন্ন দোকানে গিয়ে মসলাসহ বিভিন্ন পণ্যের মজুত ও দাম যাচাই করা হয়েছে। প্রাথমিক পর্যবেক্ষণে বাজার পরিস্থিতি মোটামুটি স্থিতিশীল রয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
পরিদর্শনের সময় স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দারা শ্যামবাজার এলাকায় জলাবদ্ধতা ও ড্রেনেজ সমস্যার বিষয়টি প্রতিমন্ত্রীর নজরে আনেন।
এ বিষয়ে ইশরাক হোসেন বলেন, জনগণ যদি এগিয়ে এসে সমস্যাগুলো তুলে ধরেন, তাহলে সেগুলো দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়া সম্ভব।
তিনি আরও জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, আইনশৃঙ্খলা বাহিনী, ট্রাফিক বিভাগ, সিটি করপোরেশন, ওয়াসা ও তিতাস গ্যাস কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে সমন্বিতভাবে কাজ শুরু করা হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, আগামী দুই থেকে তিন দিনের মধ্যে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে দায়িত্ব গ্রহণের পর প্রথম ১০ দিনে নেওয়া বিভিন্ন কার্যক্রম এবং মাঠপর্যায়ে যেসব সমস্যার মুখোমুখি হতে হয়েছে, সেসব বিষয়ে বিস্তারিত তুলে ধরা হবে।
এ সময় প্রতিমন্ত্রীর সঙ্গে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক মো. আব্দুস সালাম, ভোক্তা অধিদপ্তর ঢাকা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান উপস্থিত ছিলেন।
নিজস্ব প্রতিবেদক 




















