নিজস্ব প্রতিবেদক :
বন্ধ থাকা সরকারি পাটকলগুলো দ্রুত চালু করতে বর্তমান সরকার কাজ শুরু করেছে বলে জানিয়েছেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম।
বৃহস্পতিবার (৫ মার্চ) সচিবালয়ে জাতীয় পাট দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বিপুল পরিমাণ কাঁচা পাট ভারতসহ অন্যান্য দেশে রফতানি হলেও কাঙ্ক্ষিত মূল্য পাচ্ছে না বাংলাদেশ। এর ফলে দেশীয় শিল্প কাঁচামাল ঘাটতিতে পড়ছে। অন্যদিকে, ভারত বাংলাদেশের পাট দিয়ে উচ্চমূল্যের পণ্য তৈরি ও রফতানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা আয় করছে। তাই কাঁচা পাট রফতানি থেকে সরে এসে ফিনিসড প্রোডাক্ট তৈরিতে নজর দিতে হবে।
বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের উদ্যোগে ‘পাটশিল্প গড়ে তুলুন, কর্মসংস্থান সৃষ্টি করুন’ প্রতিপাদ্যে শুক্রবার (৬ মার্চ) জাতীয় পাট দিবস উদযাপন করা হচ্ছে। এ দিবসের উদ্বোধনী অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। অনলাইনে তিনি এ অনুষ্ঠান উদ্বোধন করবেন বলে জানান তিনি।
মো. শরীফুল আলম বলেন, জাতীয় পাট দিবস উদযাপনের পাশাপাশি বাংলাদেশ শিল্পকলা একাডেমি চত্বরে ৬ থেকে ১৪ মার্চ পর্যন্ত ৯ দিনব্যাপী পাট ও বহুমুখী পাটপণ্যের মেলা আয়োজন করা হয়েছে।
তিনি বলেন, পাট ও পাটপণ্যের আগ্রহী ক্রেতা, উদ্যোক্তা, ব্যবসায়ী, বিভিন্ন ব্যক্তি ও সংশ্লিষ্ট অংশীজনসহ সকলকে এই মেলায় বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমন্ত্রণ জানাচ্ছি।
বন্ধ থাকা ৭টি পাটকল খুলে দেয়া হচ্ছে বলেও ব্রিফিংয়ে জানানো হয়েছে। বাকিগুলো বেসরকারি ব্যবস্থাপনায় পরে চালু করা হবে বলেও জানানো হয়েছে।
বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকারের লক্ষ্য দেশকে আধুনিক, গণতান্ত্রিক, উচ্চ-মধ্যম আয়ের দেশে পরিণত করা যেখানে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ে তোলা হবে। বেকারত্ব দূর করা ও কর্মসংস্থান সৃষ্টি এ সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি। সেজন্য ফ্যাসিবাদী সরকারের অপশাসনে বন্ধ হয়ে পরা পাটকল পুনরায় চালু করতে সমন্বিত উদ্যোগ নিয়ে কাজ করবে সরকার। অপরদিকে, দেশের কর্মসংস্থান সুযোগ তৈরিতে ও অর্থনীতিতে ভূমিকা রাখতে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীন বিজেএমসির নিয়ন্ত্রণে থাকা পাটকলগুলো বেসরকারিভাবে চালু করতে দীর্ঘমেয়াদি ইজারা কার্যক্রম অব্যাহত আছে।
এরইমধ্যে ইজারা দেওয়া মিলগুলোর মধ্যে ৯টি মিলে ৭২০০ জন কাজ করছে, যা দেশের উৎপাদন ও কর্মসংস্থানে ইতিবাচক ভূমিকা রাখছে বলে উল্লেখ করেন প্রতিমন্ত্রী।
নিজস্ব প্রতিবেদক 



















