নিজস্ব প্রতিবেদক :
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) চেয়ারম্যান ড. এম আসলাম আলম পদত্যাগ করেছেন। ব্যক্তিগত কারণ দেখিয়ে তিনি এ পদ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
সোমবার (২ মার্চ) তিনি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব বরাবর পাঠানো এক চিঠিতে আনুষ্ঠানিকভাবে পদত্যাগের বিষয়টি জানান। চিঠিতে ড. এম আসলাম আলম উল্লেখ করেন, ব্যক্তিগত কারণে তিনি চেয়ারম্যান পদে আর দায়িত্ব পালন করতে পারছেন না।
পদত্যাগপত্রে তিনি তা গ্রহণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি অনুরোধ জানান।
আইডিআরএ এর পরামর্শক (মিডিয়া এবং যোগাযোগ) ও মুখপাত্র সাইফুন্নাহার সুমি বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, চেয়ারম্যান মহোদয় পদত্যাগপত্র জমা দিয়েছেন।
পদত্যাগপত্রে ড. এম আসলাম আলম বলেন, ব্যক্তিগত অনিবার্য কারণে আইডিআরএ’র চেয়ারম্যান পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করেছি। অতএব আমার পদত্যাগপত্রটি গ্রহণপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানাচ্ছি।
আইডিআরএ সূত্রে জানা গেছে, প্রায় দুই সপ্তাহ আগে এক অভ্যন্তরীণ সভায় তিনি পদত্যাগের ইচ্ছার কথা জানিয়েছিলেন। এখন তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দিলেন।
সরকারের সাবেক সিনিয়র সচিব ড. এম আসলাম আলম ২০২৪ সালের ৯ সেপ্টেম্বর আইডিআরএ এর চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নেন। যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছরের জন্য তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়েছিল। সেই হিসেবে তার মেয়াদ শেষ হওয়ার কথা ছিল ২০২৭ সালের ৮ সেপ্টেম্বর।
বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা হিসেবে আইডিআরএ জীবন ও সাধারণ বিমা কোম্পানিগুলোর কার্যক্রম তদারকি, লাইসেন্স প্রদান, নীতিমালা প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব পালন করে থাকে।
নিজস্ব প্রতিবেদক 















